বগুড়ায় আট মাসে ৯২টি চোরাই গাড়ি উদ্ধার
বগুড়ায় গত আট মাসে চুরি হওয়া ৯২টি প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।থানা পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের সদস্যরা বগুড়াকে চোরাই গাড়ি কেনাবেচা এবং চোরাই গাড়ি পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। এ ছাড়া এসব গাড়ি মাদক ও অস্ত্র পরিবহন, খুন, ছিনতাই, অপহরণসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত মে থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বগুড়ার বিভিন্ন উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৪২টি চোরাই মোটরসাইকেল, ১১টি ট্রাক, দুটি মাইক্রোবাস, তিনটি প্রাইভেটকার, একটি পিকআপ ভ্যান, একটি জিপ, তিনটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উদ্ধার করেছে। এ ছাড়া পুলিশ গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১টি চোরাই মোটরসাইকেল, একটি প্রাইভেট কার, পাঁচটি ট্রাক ও একটি ভটভটি উদ্ধার করে।বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক জানান, সংঘবদ্ধ চোরচক্রের সদস্যরা বগুড়াকে চোরাই গাড়ি পাচারের রুট হিসেবে ব্যবহার করছে। কখনো কখনো অন্য জেলা থেকে ছিনতাই করে আনা গাড়ি বগুড়ায় এনে বিক্রির চেষ্টা করা হচ্ছে। আবার এসব চোরাই গাড়ির বেশির ভাগই চোরাচালান, মাদক ও অস্ত্র পরিবহন, চুরি, ছিনতাই, খুন ও অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এসব তৎপরতা বন্ধে পুলিশ চোরাই গাড়ি উদ্ধার অভিযান জোরদার করেছে।