বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক অন্তঃসত্ত্বার সন্তান প্রসব ও নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসা কর্মকর্তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জেলার চিকিৎসকেরা। এ দাবিতে তাঁরা কালো ব্যাজ পরে গতকাল শনিবার থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু করছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বগুড়া জেলা শাখা গত শুক্রবার রাতে এ আন্দোলন কর্মসূচির ডাক দেয়। এর আওতায় আজ রোববার দ্বিতীয় দিনের মতো জেলার সরকারি-বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের চিকিৎসকেরা কালো ব্যাজ ধারণ করবেন। আর আগামীকাল সোমবার থেকে টানা তিন দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিএমএর বগুড়া জেলা সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, ওই তিন দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সরকারি-বেসরকারি সব চিকিৎসাকেন্দ্রে কর্মবিরতি পালন করবেন তাঁরা। তিনি বলেন, অভিযোগ তদন্তে স্বাস্থ্য বিভাগের চারটি কমিটি কাজ করছে। তদন্ত শেষ না হতেই চিকিৎসক মোস্তফা আল্লামা তালুকদারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা ও কারাগারে পাঠানোর বিষয়টি দুঃখজনক। এ কারণে তাঁরা আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
গত ২৩ নভেম্বর শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া একজন অন্তঃসত্ত্বাকে প্রসবকক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে। পরে ওই নারী হাসপাতাল চত্বরেই সন্তান প্রসব করেন। পরে শিশুটি মারা যায়। এ নিয়ে প্রথম আলোয় ‘প্রসবকক্ষে জায়গা হলো না অন্তঃসত্ত্বার!’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি নজরে এলে ৩০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ ঘটনা তদন্ত করে ১৪ ডিসেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বগুড়ার জেলা প্রশাসককে নির্দেশ দেন। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও নার্সকে হাইকোর্টে সশরীরে তলব করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত নার্সকে গ্রেপ্তার করে পুলিশ। আর অভিযুক্ত চিকিৎসা কর্মকর্তা মোস্তফা আল্লামা তালুকদার ২৭ ডিসেম্বর বগুড়ার একটি আদালতে জামিন নিতে যান। তবে বিচারক তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।