বগুড়ায় আমদানিনিষিদ্ধ ওষুধ উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের মাটিডালি এলাকায় গতকাল বুধবার একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ আমদানিনিষিদ্ধ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাবের সহকারী পুলিশ সুপার সুমিত চৌধুরীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ওই বাসে তল্লাশি চালান। এ সময় বাস থেকে গরু মোটাতাজাকরণের বড়িসহ এক লাখ সাত হাজার ৪৪৬টি আমদানিনিষিদ্ধ বড়ি উদ্ধার করা হয়। সূত্র জানায়, এসব বড়ি বহনের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া নারীরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পারইল গ্রামের বেলু বেগম (৪৮) ও একই উপজেলার পশ্চিম সমছাবাদ গ্রামের মল্লিকা বেগম (৫০)। বেলু ও মল্লিকার ভাষ্য, বড়িগুলো তাঁরা সীমান্ত দিয়ে এনে বগুড়ার পাইকারি ওষুধের বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন।র‌্যাবের দাবি, উদ্ধার করা বড়িগুলোর বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।