বগুড়ায় আরও এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় ৭৩ ঘণ্টার ব্যবধানে আরও এক ব্যবসায়ী খুন হয়েছেন। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি খুন হন। গত শুক্রবার রাতে শহরের শেরপুর সড়কের লতিফপুর কলোনি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এই ব্যবসায়ীর নাম রফিকুল ইসলাম (৩৫)।
পুলিশ বলছে, চাঁদার টাকা না পেয়ে কিংবা স্টুডিওর ভেতরে অনৈতিক কাজ করতে না দেওয়ায় শত্রুতাবশত কোনো পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী রফিকুলকে খুন করতে পারে। এ নিয়ে শহরে গত তিন দিনে খুন হলেন তিনজন। সবাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরপর এসব খুনের ঘটনায় নগরবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা।
রফিকুল ইসলাম ফটোস্টুডিও ও ফ্লেক্সিলোডের ব্যবসার পাশাপাশি ব্র্যাক ব্যাংকের বিকাশ কার্যক্রমের একজন এজেন্ট ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলায়। বগুড়ায় তিনি কলোনি এলাকার একটি ভাড়া বাসায় থেকে ব্যবসা করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, প্রতিদিনের মতো শুক্রবার রফিকুল ইসলাম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খোলেন। রাত ১০টার পর কতিপয় দুর্বৃত্ত নিজেদের ছবি তোলার কথা বলে তাঁকে স্টুডিওর ভেতরে নিয়ে যায়। সেখানে ছুরিকাঘাতে তাঁকে হত্যা করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। আধা ঘণ্টা পর পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
গতকাল শনিবার দুপুরে শাপলা স্টুডিও নামের ওই ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, রফিকুলের স্ত্রী কাকলী বেগম বিলাপ করছেন। এ সময় তিনি বলেন, রফিকুলের কেনো শত্রু ছিল না। টাকার জন্যই তাঁকে এভাবে অকালে মরতে হলো। রফিকুলের শ্বশুর কফিল উদ্দিন বলেন, সন্ত্রাসীদের চাঁদার টাকা না পেয়েই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল এ) নাজির হোসেন বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, টাকা-পয়সাসংক্রান্ত কোনো ঘটনার জেরে এই খুনের ঘটনা ঘটেছে। চাঁদার টাকা না পেয়ে কোনো সন্ত্রাসী চক্র রফিকুলকে খুন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হত্যাকাণ্ডের আগে ২১ জানুয়ারি রাত নয়টার দিকে শহরের সাতমাথা ও সেউজগাড়ি এলাকায় পৃথক সন্ত্রাসী হামলা চালিয়ে দুজনকে হত্যা করা হয়। এ দিন সাতমাথা এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে খুন হন ইসলামী ছাত্রশিবিরের সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সেক্রেটারি ও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল বাকী। আর সেউজগাড়ি আমতলা এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে কুপিয়ে হত্যা করা আবদুল মজিদ নামের আরেকজনকে। এ সময় তাঁর এক সহযোগীকেও কুপিয়ে আহত করা হয়। মজিদ শহর ছাত্রলীগের এক শীর্ষনেতার সহযোগী ছিলেন।
মজিদ হত্যাকাণ্ডে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হলেও শিবিরের নেতা আবদুল বাকী হত্যার ঘটনায় গতকাল পর্যন্ত কোনো মামলা হয়নি। বগুড়ার পরিবহন ব্যবসায়ী ফজলুর রহমান বলেন, শহরের পরিবেশ এখন ভয়ংকর। সন্ধ্যা নামলেই খুন-হত্যা হচ্ছে।
সদর থানার ওসি আবু হায়দার মো. ফয়জুর রহমান বলেন, ব্যবসায়ী রফিকুল ইসলামের খুনের কারণ উদ্ঘাটনে চেষ্টা চলছে।