বগুড়ায় আলু চাষিদের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ছয় দফা দাবিতে গতকাল রোববার বিকেলে বগুড়া শহরের সাতমাথায় আলুচাষিরা সমাবেশ করেছেন। সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারি উদ্যোগে আলু ক্রয়, হিমাগারের ভাড়া বস্তাপ্রতি ১০০ টাকা নির্ধারণ, সরকারি উদ্যোগে হিমাগার নির্মাণ করে তাতে চাষিদের ৭০ শতাংশ আলু সংরক্ষণের ব্যবস্থাসহ ছয় দফা মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কৃষকেরা ১ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিল, হিমাগার ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে। এর পরেও দাবি পূরণ না হলে ১৫ মার্চ দেশের সব বিভাগে অবস্থান কর্মসূচি পালন করা হবে।ক্ষেত মজুর কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য ওয়াজেদ পারভেজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শুভ্রাংশ চক্রবর্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সদস্য জাহেদুল হক, কৃষক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, শফিউর রহমান, বাসদ বগুড়া জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা সদস্য-সচিব কৃষ্ণ কমল প্রমুখ।পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।