বগুড়ায় আলু নিয়ে বিপাকে ব্যবসায়ী-হিমাগার মালিক
বগুড়ায় আলু নিয়ে এ বছর চরম বেকায়দায় পড়েছেন আলুচাষি, ব্যবসায়ী ও হিমাগারের মালিকেরা। বাজার মন্দা এবং ক্রেতা না থাকায় হিমাগার থেকে আলু উত্তোলন করছে না কেউ। এখন আলু তুলে বিক্রি করে লোকসান গুনতে হচ্ছে। যে কারণে জেলার অধিকাংশ হিমাগারে সংরক্ষিত আলুর ২০ শতাংশও উত্তোলন করা হয়নি। হিমাগারের মালিকেরাও চিন্তিত হয়ে পড়েছেন এসব আলু নিয়ে।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আলু ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, বগুড়ায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় ১১ লাখ টন, যা গত বছরের চেয়ে দেড় লাখ টন বেশি। আলু তোলার সময় দাম কম থাকায় অনেক কৃষক তাৎক্ষণিক বিক্রি না করে অধিক মুনাফার আশায় হিমাগারে সংরক্ষণ করেন। এ ছাড়া কিছু মৌসুমি ব্যবসায়ীও হিমাগারে আলু মজুদ করেন। এ সুযোগে হিমাগারের মালিকেরা প্রতি বস্তা আলু (৮৪ কেজি) রাখার ভাড়া ২০০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেন।বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় শিবগঞ্জ উপজেলায়। জেলায় মোট হিমাগারের সংখ্যা ২৮। এর মধ্যে শিবগঞ্জেই রয়েছে ১২টি। এসব হিমাগারে ১৪ লাখ ১০ হাজার বস্তা আলু মজুদ রয়েছে, যার ২০ শতাংশও উত্তোলন করা হয়নি। শুধু চাষিরা আলু তুলছেন। কারণ, ব্যবসায়ীদের মতো তাঁদের বেশি লোকসান গুনতে হয় না। হিমাগারের মালিকেরা জানান, সাধারণত মার্চ থেকে অক্টোবর মাস পর্যন্ত আলু হিমাগারে রাখা হয়। এ সময়ের মধ্যেই হিমাগার খালি হয়। কিন্তু এ বছর কেউ আলু তুলছে না। বেশির ভাগই হিমাগারে পড়ে রয়েছে। শিবগঞ্জের নিউ কাফেলা হিমাগারের ব্যবস্থাপক আক্তারুজ্জামান বলেন, তাঁদের হিমাগারে এক লাখ ১২ বস্তা আলু সংরক্ষণ করা হয়েছিল। এখন পর্যন্ত মাত্র ৩০ হাজার বস্তা উত্তোলন করা হয়েছে। যাঁরা আলু উত্তোলন করেছেন, তাঁরা সবাই চাষি। ব্যবসায়ীরা আলু উত্তোলন করছেন না। এতে তাঁদের খরচ বেড়ে যাচ্ছে।বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক একরাম হোসেন বলেন, আলুর দাম কম থাকলেও চাষিরা আলু চাষে নিরুৎসাহী হবেন না। তাঁদের সারা বছরের ফসল আলু।