বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পে মানবেতর জীবন
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর আশ্রয়ণ প্রকল্পটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবে সেখানে বসবাসরত বাসিন্দারা মানবেতর জীবন যাপন করছে।সারিয়াকান্দি উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ১৯৯৯ সালে যমুনার চরে বোহাইল ইউনিয়নের উত্তর শংকরপুর মৌজায় খাসজমিতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১২টি ব্যারাক (বড় ঘর) নির্মাণ করা হয়। প্রতিটি ব্যারাকে ১০টি করে ভূমিহীন-আশ্রয়হীন পরিবারের বসবাসের ব্যবস্থা করা হয়। প্রতিটি ব্যারাকের জন্য নির্মাণ করা হয় একটি নলকূপ ও একটি পাকা পায়খানা। ১২টি ব্যারাকে ১২০টি পরিবার বসবাস করে আসছিল। কিন্তু পাঁচ বছর আগে অগ্নিকাণ্ডে দুটি ব্যারাক সম্পূর্ণ পুড়ে যায়। ওই ব্যারাকের লোকজন অন্য ব্যারাকগুলোয় কোনো রকমে ঠাসাঠাসি করে বসবাস করছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, আশ্রয়ণ প্রকল্পের সব নলকূপ বিকল। পায়খানাগুলোও ব্যবহারের অনুপযোগী। বিশুদ্ধ পানির অভাব এবং যেখানে-সেখানে মলত্যাগের কারণে পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ব্যারাকের দরজা-জানালা ও বেড়া ভেঙে গেছে। ঘরের চালের টিন নষ্ট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে পানি পড়ে। প্রকল্পের জায়গা নিচু হওয়ায় পানির মধ্যেই অতি কষ্টে বাসিন্দারা বসবাস করছে। আশ্রয় নেওয়া পরিবারগুলোর মাছ চাষের জন্য খনন করা পুকুরটিও ভরাট হয়ে গেছে।আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীরা জানান, প্রতিটি পরিবারকে খাসজমি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। প্রকল্পের বাসিন্দা দেলশাদ খাঁ জানান, তাঁর ঘর আগুনে পুড়ে যাওয়ায় তিনি অন্যের ঘরে বাস করেন। ঘোড়ার গাড়ি চালিয়ে ও দিনমজুরি করে কোনো রকমে সংসার চালান। বৃষ্টি হলেই টিনের চাল দিয়ে ঘরে পানি পড়ে। রাতে বৃষ্টি হলে জেগে বসে থাকতে হয়। রজব আলী, সরজ্জামাল, আজিজুল হক, রবিউল খাঁ, মনেরা বেগম ও প্রকল্প কমিটির সহসভাপতি কাশেম প্রামাণিক বলেন, ‘ঘরের দরজা-জানালা একেবারে নষ্ট হয়ে গেছে। নলকূপ ও পায়খানা নষ্ট হওয়ায় সমস্যা সবচেয়ে বেশি হচ্ছে। ঘর পেয়ে ভালোই ছিলাম। কিন্তু ঘরের দরজা-জানালা নষ্ট হওয়ায় খুব কষ্টে আছি।’বোহাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণসহ অন্যগুলো মেরামত ও পুকুরটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজি ৎ রায় বলেন, শুধু উত্তর শংকরপুর আশ্রয়ণ প্রকল্প নয়, উপজেলার বিভিন্ন স্থানে নির্মিত জরাজীর্ণ সব আশ্রয়ণ প্রকল্পের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই এগুলো মেরামত করা হবে।