বগুড়ায় আহত সেই স্কুলছাত্রীর উন্নতি হয়নি
বগুড়ায় শিবিরের ছোড়া ককটেলের বিস্ফোরণে আহত স্কুলছাত্রী সাদিয়া আক্তারের অবস্থার উন্নতি হয়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ গত সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করেছে। একই রাতে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার হওয়া চার ব্যক্তি হলেন বগুড়া শহরের নারুলী এলাকার এস কে হাবিব (২০), মেহেদী হাসান (২২), নিশিন্দাপাড়া এলাকার আবদুর রশিদ (২৫) ও সুলতানগঞ্জপাড়ার রিপন মিয়া (২০)।বিদ্যালয় থেকে ফেরার পথে সাদিয়া হামলার শিকার হওয়ায় অভিভাবক ও শিক্ষকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অভিভাবকেরা জানান, যাঁরা এসব ঘটনা ঘটাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। সেই সঙ্গে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সোমবার বিকেল পাঁচটার দিকে শিবিরের নেতা-কর্মীরা বগুড়া শহরের চেলোপাড়া মোড়ে চারটি ককটেল ফাটান। এ সময় ওই এলাকা দিয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সাদিয়া রিকশা নিয়ে যাচ্ছিল। ককটেল বিস্ফোরণে সাদিয়া ও ফুটপাতের হকার পরেশ দাশ আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে গতকাল মঙ্গলবার প্রথম আলোতে ‘বগুড়ায় শিবিরের ছোড়া ককটেলে স্কুলছাত্রী আহত’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।চিকিৎসকেরা জানান, ককটেল বিস্ফোরণে সাদিয়ার ঊরুতে বড় ধরনের ক্ষতের সৃষ্টি হয়েছে। সেই ক্ষত থেকে গতকালও রক্ত ঝরছিল। সাদিয়ার বাবা শহিদুল ইসলাম জানান, তাঁর মেয়েকে রক্ত দেওয়ার জন্য তাঁর সহকর্মীরা এগিয়ে এসেছেন। কিন্তু রক্ত পড়া বন্ধ হয়নি। হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক রেজাউল আলম জানান, বিকেলের মধ্যে রক্ত পড়া বন্ধ না হলে সাদিয়ার অস্ত্রোপচার করা হতে পারে।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় সদর থানার উপপরিদর্শক আসলাম হোসেন বাদী হয়ে সোমবার রাতে মামলা দায়ের করেন। এতে সরকারি আজিজুল হক কলেজ ছাত্রশিবির ও শহর জামায়াতের ৩০ জনসহ ১২০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ওই ছাত্রীর ওপর হামলার ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।