বগুড়ায় আড়াই হাজার দ্বৈত ভোটার চিহ্নিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ১২ উপজেলায় আড়াই হাজার দ্বৈত ভোটার চিহ্নিত করা হয়েছে। আইনবহির্ভূতভাবে দুই স্থানে ভোটার হওয়ায় তাঁদের কারণ দর্শানো নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কার্যালয়। ইতিমধ্যে অনেকে ক্ষমা চেয়ে একটি জায়গায় ভোটার থাকার আবেদন জানিয়ে নোটিশের জবাব দিয়েছেন।জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় পরিচয়পত্রসহ ভোটার তালিকার কাজ সম্পন্ন হয়। ওই সময় জেলার ভোটাররা ভোটার হন। পরবর্তী সময়ে হালনাগাদ ভোটার তালিকার কাজ শুরু হলে সেখানেও দুই হাজার ৫৫৪ জন তথ্য গোপন করে অন্য ঠিকানায় ভোটার হন। নির্বাচন কমিশন সচিবালয় প্রত্যেক ভোটারের পরিচয়পত্রের আঙুলের ছাপ পরীক্ষা করে তাঁদের দ্বৈত ভোটার হিসেবে চিহ্নিত করে। পরে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়। জেলা নির্বাচন কর্মকর্তা সে অনুযায়ী দ্বৈত ভোটারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের চিঠি দেন। জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম জানান, নোটিশ দেওয়া ছাড়াও দ্বৈত ভোটারদের ব্যাপারে তদন্ত করে প্রতিবেদন পাঠানো হয়েছে। নোটিশ দেওয়া হলে অনেকে উপস্থিত হয়ে ভুল স্বীকার করেছেন, আবার কেউ উপস্থিত হননি। যাঁরা উপস্থিত হয়েছেন, তাঁরা একটি রেখে অন্যটি বাতিল করেছেন। যাঁরা উপস্থিত হননি, তাঁদের আত্মীয়স্বজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে আগের তালিকা থেকে তাঁদের নাম বাতিলের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে সুপারিশ করা হয়েছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে আর কোনো নির্দেশ আসেনি।