বগুড়ায় ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপির নেতা আবদুল ওয়াহাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। গতকাল শনিবার ইউপি নির্বাচনে গণসংযোগ শেষে ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে তিনটি গুলি করে। গুলি তিনটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। আবদুল ওয়াহাব ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল ওয়াহাব সকালে উপজেলার পাঁচকাথুলী গ্রামে গণসংযোগ করতে যান। গণসংযোগ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথে পাঁচমাইল বাইপাস এলাকায় তিন যুবক তাঁকে লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোড়ে। গুলি তিনটি লক্ষ্যভ্রষ্ট হয়। এ খবর ছড়িয়ে পড়লে চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তাঁরা এ ঘটনার জন্য অপর চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের নেতা রফি নেওয়াজ খানকে দায়ী করে মামলার প্রস্তুতি নেন। খবর পেয়ে গাবতলী থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে বেলা দেড়টায় ঘটনাস্থলে স্থানীয় বিএনপির উদ্যোগে প্রতিবাদ সমাবেশ হয়। ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রফি নেওয়াজ খানের নির্দেশে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।