বগুড়ায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মামলার তদন্ত প্রতিবেদন দেড় বছরেও দাখিল না করায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেসার রহমানকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এর বিচারক মোহাম্মদ কামরুজ্জামান গত মঙ্গলবার এই দণ্ড দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর মোকামতলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আবদুল কুদ্দুস প্রামাণিক বাদী হয়ে তাঁর জমিতে অবৈধ অনুপ্রবেশসহ কলাখেত কর্তন ও খুন-হুমকির অভিযোগে একই এলাকার তিন ব্যক্তিকে আসামি করে আদালতে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বগুড়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। দেড় বছরেও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করায় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২ ইউপির চেয়ারম্যান মোখলেসারকে সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেন। মঙ্গলবার ইউপি চেয়ারম্যান আদালতে হাজির হন। এ সময় তাঁর জবাব সন্তোষজনক না হওয়ায় বিচারক মোহাম্মদ কামরুজ্জামান তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে ওই চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়।