বগুড়ায় ইউপিএইচসি প্রকল্প বন্ধের নির্দেশ
বগুড়া পৌর এলাকার দরিদ্র ও নিম্নবিত্তদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার (ইউপিএইচসি) প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবুর রহমান প্রকল্প বন্ধ করে দেওয়াসংক্রান্ত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুমিল্লা ও সিরাজগঞ্জ পৌরসভায় একই ধরনের প্রকল্প চালু রেখে বগুড়াকে বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণেই বগুড়ার এই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রকল্প না থাকলে দাতাদের কোনো সহায়তাও পাওয়া যাবে না। সে ক্ষেত্রে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্যাটেলাইট ক্লিনিক চালাতে হলে প্রতি মাসে ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন, যা পৌরসভার পক্ষে জোগান দেওয়া সম্ভব নয়। তাই সেগুলো ১ জুলাই থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরও প্রকল্পের মেয়ার বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।বগুড়া প্রকল্পের প্রকল্প প্রশাসক শংকর সাহা বলেন, দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের পরিচালকের দপ্তর থেকে গত ২২ মে এক চিঠিতে প্রকল্পের সব ধরনের কার্যক্রম বন্ধ করে যাবতীয় জনবল ও সম্পদ পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। চলতি মাসের ৩০ তারিখে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। বগুড়ায় প্রকল্প বাতিল করে গোপালগঞ্জ ও কিশোরগঞ্জে এটি অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকল্পের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, প্রকল্পটি বন্ধ হয়ে গেলে এলাকার গরিব মানুষ যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন, তেমনি কর্মরত ১৪২ জন বেকার হয়ে পড়বেন। একই ধরনের কথা বলেন মাতৃসদন কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা শায়লা, পৌরসভার প্যানেল মেয়র-২ আমিনুল ফরিদসহ কয়েকজন।বগুড়া পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের আওতায় ২০০৭ সালে এই প্রকল্প হাতে নেওয়া হয়। এর আওতায় বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য পৌর এলাকায় ১০ হাজার ২৫৯টি পরিবারের মধ্যে লালকার্ড সরবরাহ করা হয়েছে। মাতৃসদন কেন্দ্রে পাঁচজন চিকিৎসক এবং প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক, পাঁচজন করে স্বাস্থ্য সহকারীসহ ১৪২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। এই প্রকল্পের কাজ পরিচালনা করে বেসরকারি সংস্থা খুলনা মুক্তি সেবা সংস্থা-কেএমএসএস।