বগুড়ায় ইউরিয়া সারের বস্তা খোলা আকাশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনীয় গুদাম না থাকায় বগুড়া শহরের তিনমাথা এলাকায় অবস্থিত বাফার স্টক এলাকায় তাদের হাজার হাজার বস্তা ইউরিয়া সার খোলা আকাশের নিচে পড়ে রয়েছে। ডিলারের মাধ্যমে এসব সার বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় সরবরাহ করার কথা থাকলেও ডিলাররা ধীরগতিতে তোলায় সারের মজুদ গড়ে উঠছে বলে দাবি বিসিআইসি কর্মকর্তার।চলতি বোরো মৌসুমে কৃষকদের চাহিদা মেটাতে বগুড়ার বাফার স্টকে সারের মজুদ গড়ে তোলা হয়। এর ধারণক্ষমতা ১২ হাজার মেট্রিক টন হলেও এর মধ্যে তিন হাজার মেট্রিক টন বীজ ধান রয়েছে। সার রাখা যায় নয় হাজার মেট্রিক টন।অথচ বগুড়া বাফার স্টকে সার মজুদ রয়েছে প্রায় সাড়ে ১৫ হাজার মেট্রিক টন। জেলায় সারের ডিলার রয়েছেন ১৫৯ জন। এসব ডিলারের মধ্যে মাত্র আটজন তাঁদের বরাদ্দের সার তুলেছেন।বগুড়ার শাজাহানপুর উপজেলার ডিলার আবদুস সোবহান জানান, বাফার থেকে যেসব সার দেওয়া হয়, তা প্রায়ই বস্তা ফাটা এবং জমাটবাঁধা অবস্থায় থাকে। জমাটবাঁধা সার কৃষকেরা নিতে চান না। এর গুণগত মানও কম বলে তিনি জানান।বিসিআইসি বগুড়ার বাফার স্টকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, বগুড়ায় বাফার গুদামের ধারণক্ষমতা ১২ হাজার মেট্রিক টন। এর এক-তৃতীয়াংশ জায়গায় বীজ রয়েছে। বর্তমানে বাফার স্টকে প্রায় সাড়ে ১৭ হাজার মেট্রিক টন সার রয়েছে। বাফার স্টক থেকে যে হারে সার তোলা হচ্ছে, সে হারে ডিলাররা সরবরাহ না নেওয়ায় সারের মজুদ বেড়ে গেছে।চাহিদার অনুযায়ী গুদাম না থাকায় বস্তাগুলো বাইরে মজুদ করা হয়েছে। খোলা আকাশের নিচে সারের বস্তা রাখলে গুণগত মান খারাপ হয় না বলে তিনি জানান।বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ বজলুর রশিদ বলেন, খোলা আকাশের নিচে সার ফেলে রাখলে এর গুণগত মান কিছুটা খারাপ হয়। তবে ত্রিপল দিয়ে বস্তাগুলো ঢেকে রাখলে ক্ষতি কম হবে।