বগুড়ায় ইফতারের ঐতিহ্য টকদইয়ের ঘোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় এবারও রোজার শুরু থেকেই ধনী-গরিবের ইফতার আয়োজনে অন্য রকম কদর পাচ্ছে অনন্য স্বাদের টকদইয়ের ঘোল। শহরের হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে নামীদামি হোটেল-মোটেলেও বাহারি ইফতারির সঙ্গে টকদইয়ের ঘোল পরিবেশন করা হচ্ছে।ফুটপাত থেকে শুরু করে শহরের অভিজাত ও প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোয় সকাল থেকে ইফতারের আগ পর্যন্ত ঘোল তৈরির টকদই কিনতে প্রচণ্ড ভিড় দেখা গেছে।বগুড়ার ইফতার আয়োজনে টকদইয়ের ঘোল প্রায় অর্ধশত বছরের ঐহিত্যের সঙ্গে মিশে আছে। ঐতিহ্যের টানেই রোজাদারেরা ঘোল দইয়ের স্বাদ নিতে ছুটে আসছেন শহরের প্রসিদ্ধ দইয়ের দোকানগুলোয়। প্রতিদিন শহরের অলিগলিতে টকদইয়ের দোকান সাজিয়ে বসছেন অনেকে। বিভিন্ন এলাকা থেকে ফেরিওয়ালারাও এসে মহল্লায় মহল্লায় ফেরি করে টকদই বিক্রি করছেন।এবার প্রসিদ্ধ দোকানগুলোয় প্রতি হাঁড়ি টকদই (আনুমানিক এক কেজি) ৮০ থেকে ১০০ টাকা এবং ফুটপাতে ও ফেরি করে প্রতি হাঁড়ি ৫০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। শেরপুর দইঘরের ব্যবস্থাপক শহীদুল ইসলাম জানান, বগুড়ার ইফতার আয়োজনে ঘোলের ব্যাপক চাহিদা থাকায় রোজার মাসে চিনি ছাড়া অপেক্ষাকৃত পাতলা টকদই তৈরি করা হয়। স্বাদে অতুলনীয় এ দই ক্রেতাদের কাছে ঘোল দই হিসেবেও পরিচিত। নামাজগড় বাজারে ঘোল দই কিনতে আসা সুলতানগঞ্জপাড়ার আহম্মদ শেখ বলেন, বগুড়ার মানুষের কাছে ঘোল ছাড়া ইফতার অপূর্ণ মনে হয়। বগুড়ার ইফতারের ঐহিত্যের সঙ্গে মিশে আছে এই অনন্য স্বাদের ঘোল দই। সারা দিন রোজা রাখার পর এটি পরিপূর্ণ তৃপ্তির পাশাপাশি হজমেও খুব কাজ করে।