বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সম্মেলন অনুষ্ঠিত
উগ্র সাম্প্রদায়িকতা, সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিসত্তার ওপর নিপীড়নসহ সব ধরনের অনাচার রুখতে সাংস্কৃতিক আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর বগুড়া জেলা সংসদের ২১তম সম্মেলন। গতকাল শুক্রবার শহরের সাতমাথায় সম্মেলনের উদ্বোধন করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাশ্বত ভট্টাচার্য।
পরে বিদায়ী সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে¡সম্মেলনের প্রথম পর্বে বক্তব্য দেন শাশ্বত ভট্টাচার্য ছাড়াও রহমান মুফিজ, আমিনুল ফরিদ, মনজুর সাকলায়েন প্রমুখ।
শাশ্বত ভট্টাচার্য বলেন, দেশে বিদ্যমান শিক্ষাব্যবস্থা চেতনাসম্পন্ন প্রজন্ম তৈরির অন্তরায়। এ শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে অনুভূতিহীন একটা প্রজন্ম গড়ে উঠছে। ফলে উগ্র জঙ্গিবাদ, সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎ প্রকল্প, ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক হামলা, গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উচ্ছেদসহ দেশজুড়ে নানা অনিয়ম-অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারছে না নতুন প্রজন্ম। নতুন প্রজন্মকে শাসকগোষ্ঠী ও করপোরেট ব্যবসায়ী পুঁজিবাদের দাস করে রাখা হচ্ছে। অনুভূতিহীন এই প্রজন্মের জন্য সাংস্কৃতিক জাগরণ প্রয়োজন। দেশে সব অনাচারের বিরুদ্ধে তাই সাংস্কৃতিক আন্দোলন জোরদার করতে হবে।
পরে কাউন্সিল পর্বে মাহমুদুস সোবহান সভাপতি এবং আরিফুল হক সাধারণ সম্পাদক হন। পরে গণসংগীত পরিবেশন করে উদীচীর শিল্পীগোষ্ঠী।