বগুড়ায় এক পরিবারের তিনজন এসিডদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার গাবতলীতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে এক দম্পতি ও তাঁদের আড়াই বছরের শিশুপুত্রের শরীর। তাঁদের প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং পরে বাবা ও ছেলেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে।এসিডদগ্ধরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর বাগবাড়ী গ্রামের আবদুর রহমান (৪৫), তাঁর স্ত্রী কোহিনূর বেগম (৩২) ও ছেলে রাব্বী। আবদুর রহমানকে প্রাথমিক চিকির্যাসার পর ছেড়ে দেওয়া হয়েছে।এসিডদগ্ধ কোহিনূর বেগম জানান, কিছুদিন আগে তাঁর মামা একই গ্রামের হযরত আলী ও মামাতো ভাই রেজ্জাকুল ইসলামকে স্থানীয় একটি বেসরকারি সংস্থা (এনজিও) থেকে ঋণ নিয়ে দেন। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় এনজিও থেকে কোহিনূরকে চাপ দিলে তিনি নিজের একটি গরু বিক্রি করে সেই টাকা পরিশোধ করেন। এ নিয়ে বিবাদের একপর্যায়ে তাঁকে মারধরও করা হয়েছিল। সে ঘটনায় তিনি থানায় মামলা করেন। ওই মামলার কারণে তাঁরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।কোহিনূর অভিযোগ করেন, গত বুধবার রাতে তাঁদের শয়ন ঘরের এক পাশে দুই মেয়েকে এবং অন্য পাশে স্বামী, শিশুপুত্রসহ তিনি ঘুমিয়ে পড়েন। মধ্য রাতে ঘরের পেছনে মানুষের আনাগোনার শব্দ পেয়ে আলো জ্বালালে তাঁর মামাতো ভাইকে দৌড়ে পালাতে দেখেন। তাঁর ধারণা, আগের মামলায় পুলিশ আসায় ভয়ে হয়তো মামাতো ভাই রেজ্জাকুল পালিয়ে গেছে। পরে তিনি এসে আবারও শুয়ে পড়ার কিছুক্ষণ পর তাঁর শিশুসন্তানটি চির্যাকার দিয়ে ঘুম থেকে ওঠে। এ সময় তাঁর শরীরের ডানপাশ এবং স্বামী রহমানের দুই পা জ্বালা শুরু করে। ঘরে আলো জ্বালিয়ে তাঁরা এসিড নিক্ষেপের বিষয়টি নিশ্চিত হন। ওই রাতেই তাঁদের শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। শজিমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার শাহ মো. আবদুল আজিজ জানান, তাঁদের শরীরে এসিড নিক্ষেপ করা হয়েছে।এ ব্যাপারে কোহিনূর বেগমের স্বামী আবদুর রহমান বাদী হয়ে গাবতলী থানায় চারজনকে আসামি করে মামলা করেছেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির পক্ষ থেকে এসিডদগ্ধদের খোঁজখবর নিয়ে বৃহস্পতিবার ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।