বগুড়ায় এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জংলি ফল তারাগোটায় খয়েরের প্রলেপ, রাসায়নিক ও রং মিশিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে ‘কালো এলাচি’ হিসেবে। বগুড়ার বাজার ছেয়ে গেছে এসব ভেজাল মসলায়। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব ভেজাল মসলা বিক্রি করে আসছিল। গোয়েন্দা তথ্য পেয়ে গতকাল রোববার বিকেলে বগুড়া শহরের মগলিশপুর এলাকায় অভিযান চালিয়ে নকল কালো এলাচি তৈরির কারখানার সন্ধান পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বগুড়ার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও বিচারিক হাকিম মোবাশ্বর আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তারাগোটা ফলে খয়ের মিশিয়ে কালো এলাচি তৈরির সময় কারখানার মালিক সুজন দাস নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক এবং ৫ বস্তা নকল কালো এলাচি ও বেশ কিছু খয়ের জব্দ করেন।

ভেজাল মসলার ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকায় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। মোবাশ্বের আলম বলেন, মগলিশপুর এলাকার সুজন দাস দীর্ঘদিন ধরে ভেজাল মসলার ব্যবসায়ের সঙ্গে জড়িত।

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের উপাধ্যক্ষ রেজাউল আলম বলেন, ভেজাল মসলায় আলফাটক্সিন-জাতীয় রাসায়নিক পদার্থ মেশানো হলে তা মানবদেহে ক্যানসার ছড়ানো ছাড়াও কিডনি, যকৃত বিকল করে দিয়ে মৃত্যু ডেকে আনতে পারে।