বগুড়ায় একটি কেন্দ্রে ছয় ঘণ্টায় ১২০০ ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-৭ আসনের ৪৬টি ভোটকেন্দ্রের বেশির ভাগ কেন্দ্রে তেমন ভোট না পড়লেও গাবতলী উপজেলার রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পড়েছে এক হাজার ২০০ ভোট! বাস্তবে সেখানে তেমন ভোটার না দেখা গেলেও প্রিসাইডিং কর্মকর্তা জানান, তিনি তাঁর ব্যালট পেপার বই দেখেই এই হিসাব দিয়েছেন।

প্রচণ্ড ঠান্ডা ও কুয়াশার মধ্যে আজ বৃহস্পতিবার অন্য ছয়টি আসনের মতো বগুড়ার এই আসনেও ভোট গ্রহণ শুরু হয়। সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে উপস্থিতি কিছুটা বাড়ে।

আমাদের এই দুই প্রতিনিধি গাবতলী পাইলট উচ্চবিদ্যালয়, শহীদ জিয়া উচ্চবিদ্যালয়, পাঁচকাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছেন। তাঁরা জানান, গাবতলী উপজেলার বেশির ভাগ ভোটকেন্দ্রই অনেকটা ফাঁকা। নেই ভোটারদের লম্বা লাইন। মাঝেমধ্যে কয়েকজন করে আসছেন ভোট দিতে। বেলা ১১টা পর্যন্ত বেশির ভাগ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, ১০০টির কম ভোট পড়েছে।

গাবতলী উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোটারসংখ্যা এক লাখ ১৫ হাজারের কিছু  বেশি।

রানীরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১২০০ ভোট

বেলা ১১টার দিকে রানীরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আবদুর রশীদ মুঠোফোনে প্রতিনিধিদের জানিয়েছিলেন, ১১টা পর্যন্ত তাঁর কেন্দ্রে এক হাজার ১০০ ভোট পড়েছে। এখানে মোট ভোটার দুই হাজার ১০৩ জন।

দুুপুর সাড়ে ১২টায় কয়েকজন সাংবাদিক ওই কেন্দ্রে গিয়ে দেখেন, মাত্র দু-একজন ভোটার রয়েছেন। এর ১০ মিনেটের মধ্যে কয়েকজন নারী ও পুরুষকে আলাদা লাইন ধরে ভোট দিতে দেখা গেছে।

আবদুর রশীদ দাবি করেন, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এক হাজার ৯৭টি ভোট পড়েছে। এখানে কোনো জাল ভোট হয়নি। সবার মধ্যে ভোট নিয়ে উত্সাহ রয়েছে। নিরাপত্তা পাওয়ায় সবাই ভোট দিতে আসছেন। বেলা দুইটা তিন মিনিটে আবদুর রশীদ দাবি করেন, ওই সময় পর্যন্ত এক হাজার ২২৮টি ভোট পড়েছে। কিন্তু কেন্দ্রে দুপুর সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত দাঁড়িয়ে থাকা প্রথম আলোর দুজন প্রতিনিধি জানান, এই সময়ের মধ্যে কিছু ভোটার এসেছেন। তবে তাঁদের সংখ্যা এত নয়।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রিসাইডং কর্মকর্তা দাবি করেন, তিনি ব্যালট পেপারের বই দেখে এই হিসাব বলছেন।

নিরাপত্তা

গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিরা সুলতানা প্রথম আলোকে বলেছিলেন, ৪৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ২০-২৫ জন করে পুলিশ ও ১২ জন আনসার সদস্য থাকবেন। প্রতিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। এ ছাড়া দুটি কেন্দ্রের জন্য একটি করে পুলিশের মোবাইল টিম থাকবে। টিমে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন।

স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনীর ১৫টি এবং র্যাব ও বিজিবির ১০টি করে টিম রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এখানে ৮২ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

বগুড়া-৭ আসনে গাবতলীতে ৮৮টি ভোটকেন্দ্র ছিল। ৫ জানুয়ারি নির্বাচনের দিন প্রায় প্রতিটি কেন্দ্রে হামলা, ব্যালট পেপার ও বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। এমন কি প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মারধরের ঘটনা ঘটে। এর পরও সেখানকার ৪২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। ৪৬টি কেন্দ্রের ফল স্থগিত করা হয়।