বগুড়ায় একাধিক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা ও থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি এনামুল হককে (২৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ফুলতলায় নিজ বাড়ির অদূরে একটি নির্মাণাধীন বাড়ির ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। আধিপত্য বিস্তার এবং পূর্বশত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তিনি খুন হন বলে ধারণা করা হচ্ছে।
শহরের কইগাড়ি ফাঁড়ির উপপরিদর্শক আবদুল আজিজ বলেন, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এনামুলকে হত্যা করা হয়েছে। তিনি ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে। তিনি যুবলীগের কর্মী শামীম আহমেদ ও রঞ্জু প্রামাণিকসহ একাধিক হত্যা মামলারও আসামি। তবে এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
পুলিশ ও ফুলতলা এলাকার চারজন স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ফুলতলা এলাকা নিয়ন্ত্রণ করতেন যুবলীগ নেতা মজনু ও শাহীন। আধিপত্য বিস্তার নিয়ে এ দুজনের মধ্যে দ্বন্দ্বের জের ধরে খুনোখুনি শুরু হয়।
পুলিশ সূত্র জানায়, এই দ্বন্দ্বের জেরে প্রথমে মজনু প্রামাণিকের বাবা শুকুর আলী খুন হন। এরপর খুন হন শাহীন। এনামুল ছিলেন শাহীনের লোক। ওই হত্যার জেরে ফুলতলা এলাকায় কুপিয়ে হত্যা করা হয় মজনুর ভাগনে ও যুবলীগ কর্মী শামীমকে। আর জমি দখলের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে শহরের গণ্ডগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপনের বাসায় কুপিয়ে হত্যা করা হয় মজনু প্রামাণিক ও তাঁর ভাগনে নাহিদ প্রামাণিককে। গত বছর খুন হন মজনুর আরেক ভাই রঞ্জু প্রামাণিক। এসব হত্যাকাণ্ডের কয়েকটির এজাহারভুক্ত আসামি ছিলেন এনামুল।
এনামুলের মা আকলিমা বেগমের ভাষ্যমতে, মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসা শেষে তাঁর ছেলে কিছুদিন আগে বাড়ি ফেরে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয় সে। রাতে না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।