বগুড়ায় ওএমএসের দোকানে ভিড়, কমছে চালের দাম
বগুড়ায় খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রির দোকানগুলোতে নিম্ন আয়ের মানুষের ভিড় বাড়ছে। অনেক দোকানে নির্ধারিত সময়ের আগেই চাল বিক্রি হয়ে যাওয়ায় ক্রেতারা খালি হাতে ফিরে যাচ্ছেন। ওএমএসের চাল বিক্রি হওয়ায় জেলার হাটবাজারগুলোতে মোটা চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা কমেছে। গত বুধবার বগুড়া শহরের বেশ কয়েকটি খোলাবাজারে চালের দোকান ঘুরে দেখা গেছে, সেখানে নিম্ন আয়ের বিশেষ করে রিকশাচালক, দিনমজুর, গৃহনির্মাণ শ্রমিক, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অল্প বেতনভুক্ত কর্মচারী এবং কলেজের ছাত্ররা চাল কিনতে এসেছেন। কয়েক দিন আগেও বাজারে মোটা চাল প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি হতো। ওএমএসের দোকানে সেই চালই এখন প্রতি কেজি ২৪ টাকায় বিক্রি হচ্ছে। তাই এসব দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে। কয়েক দিন ধরে ওএমএসের চাল বিক্রি হওয়ায় বাজারে মোটা চালের দাম কমে এসেছে। এখন বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৩১ থেকে ৩২ টাকা কেজি দরে। জেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন জানান, খোলাবাজারে চাল বিক্রি হওয়ার পর থেকে বাজারে মোটা চালের দাম কমছে।