বগুড়ায় ওএমএসের ৭১ টন চাল উদ্ধার, একজনের কারাদণ্ড
বগুড়ার গাবতলী উপজেলার একটি চালকল থেকে গতকাল সোমবার ওএমএসের প্রায় ৭১ টন চাল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় চালের কলমালিকের ছেলে ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত ইমরানকে এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-১২-এর সদস্যরা গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর্জা আলী রেজা মজিদের সহযোগিতায় সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার পীরগাছা বাজারের পাশে আশরাফুল ইসলাম ওরফে খালেকের চালকলে অভিযান চালান। এ সময় চালকলের গুদামে তল্লাশি চালিয়ে সেখান থেকে ওএমএসের এক হাজার ২৬৪ বস্তা চাল জব্দ করা হয়। জব্দ হওয়া চালের মধ্যে রয়েছে ৫০ কেজির এক হাজার ২৪ বস্তা এবং ৮৫ কেজির ২৪০ বস্তা।র্যাব পরে আশরাফুল ইসলামের ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করে। ইমরান র্যাবকে জানান, সরকারি এসব চাল তাঁর মামা ওএমএসের ডিলারদের কাছ থেকে কিনে তাঁদের গুদামে রেখেছিলেন। এগুলো প্রতি বস্তায় ৫০ কেজি করে ভরে চট্টগ্রামে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল।ইমরানকে বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ইউএনও এক বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠান। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, এ ব্যাপারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।