বগুড়ায় ককটেল ও চাপাতিসহ শিবিরের কর্মী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের জামিলনগর এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে দুটি ককটেল, একটি চাপাতিসহ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে সদর থানার পুলিশের একটি দল সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন জামিলনগর এলাকার ‘প্রান্ত ছাত্রাবাস’-এ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
আটক শিবির কর্মী আবু সাঈদ (২৪) বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামের মনছের আলীর ছেলে এবং সরকারি আজিজুল হক কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) নূরে আলম সিদ্দিকী জানান, পুলিশের কাছে খবর ছিল, জামিলনগর এলাকার ওই ছাত্রাবাসে গোপনে সংগঠিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে ইসলামী ছাত্রশিবির। ওই খবরের ভিত্তিতে দুপুরের দিকে সেখানে অভিযান চালিয়ে দুটি ককটেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। এ সময় ওই শিবির কর্মীকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যান।