বগুড়ায় করতোয়ার জায়গায় চলছে ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার করতোয়া নদীতে পাইলিং করে দুই ব্যক্তি পাকা ভবন নির্মাণ করছেন। বগুড়া শহরের দত্তবাড়ি-চেলোপাড়া সেতু-সংলগ্ন (ক্রিসেন্ট ব্রিজ) মোফাজ্জল হোসেন এবং এ কে এম জিল্লুর রহমান নামের দুই ব্যক্তি এ জায়গা ব্যক্তিমালিকানাধীন দাবি করে এ নির্মাণকাজ করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার নির্মাণকাজ আপাতত বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।
অভিযোগ পাওয়া গেছে, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও পরিবেশ অধিদপ্তরের কাউকে না জানিয়ে নদীর মাঝখানে সম্প্রতি খুঁটি পুঁতেছে জেলা প্রশাসন। এতে সরকারের ভূমি ব্যবস্থাপনা বিধিমালা মানা হয়নি। এ সুযোগে ওই দুটি পাকা ভবন নির্মাণের চেষ্টা চলে।
বগুড়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান প্রথম আলোকে বলেন, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ১৯৯০-এর ৩৩৭ অনুচ্ছেদ অনুযায়ী নদী তীরবর্তী কোনো ভূমি মালিকের নদীর তলদেশ বা ফোরশেরে (বর্ষা মৌসুমে যত দূর পর্যন্ত নদীর পানি ওঠে) কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ালের ৩৩৫ অনুচ্ছেদ অনুযায়ী, নদীর দুই ধারে যে অংশ শুষ্ক মৌসুমে চর পড়ে কিন্তু বর্ষা মৌসুমে ডুবে যায়, তা ফোরশের হিসেবে বিবেচিত হবে।
নদীর অবৈধ দখলদার উচ্ছেদ এবং পানির প্রবাহ অক্ষুণ্ন রাখতে ২০১৫ সালের ২২ জুন জেলা প্রশাসকসহ ২১ জনকে বিবাদী করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এর পরিপ্রেক্ষিতে আদালত অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশের পর শহরের এসপি ঘাট থেকে চেলোপাড়া সেতু পর্যন্ত অংশে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সহযোগী প্রতিষ্ঠান বিল্ডিং কনস্ট্রাকশন লিমিটেড (বিসিএল) সুপার মার্কেট, বগুড়া ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল, ব্যবসায়ী শংকর প্রসাদ, আরাবিয়াতুল সালাফিয়া ওয়া হাফেজিয়া মাদ্রাসা ও মসজিদ মোবারক ফতেহ আলী, শ্রী শ্রী জিউ বিগ্রহ গোপীনাথ মন্দির, আবুল কালাম আজাদ, খয়রতজ্জামান, রাধা প্রসাদ, আবদুস সোবহান, কানাইলাল বসাক, এ কে এম ফজলুর রহমান, মুক্তার হোসেন, প্রদীপ কুমার রায়, আবদুল জলিল, সাইফুল ইসলাম, লাভলী বেগম, আবুল হোসেন, বজলার রহমান, কাশেম আলী, গোলাম মোস্তফা, কৃষ্ণা সাহা, আরতি রানী, আনন্দ কুমার, সঞ্জীব কুমার বিহানী, জোবাইদুল ইসলাম, মাজেদ হোসেন, মতিয়ার রহমান ও ফরিদ উদ্দিনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালায়। কিন্তু উচ্ছেদের পর আবারও বেদখল হয়ে যায় বেশির ভাগ অংশ।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, শহরের দত্তবাড়ি-চেলোপাড়া ক্রিসেন্ট সেতুর পাশেই কাজিখানা মসজিদ সড়ক ঘেঁষে চলছে করতোয়া নদীতে পাইলিংয়ের কাজ। সেখানে ২০-২৫ জন নির্মাণশ্রমিক কাজ করছেন। কয়েকজন শ্রমিক নদীতে মাটি ফেলে ভরাট করছেন। পাশেই আরেকটি স্থানে ১০-১৫ জন শ্রমিক মাটি ফেলে নদী ভরাট করছেন।
সেতুর পশ্চিম-দক্ষিণ গাইডওয়াল থেকে অন্তত ১০ হাত দূরে নদীর সীমানায় চলছে পাকা ভবন নির্মাণের কাজ। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় চারজন বাসিন্দা বলেন, সম্প্রতি জেলা প্রশাসন নদীর সীমানা নির্ধারণী খুঁটি স্থাপন করে। এরপর স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি তীরবর্তী জায়গাসহ নদীর সীমানার অংশে পাকা স্থাপনা নির্মাণের কাজ করছেন।
নদীর সীমানায় পিলার তোলার কাজ তদারক করছিলেন স্থানীয় ব্যবসায়ী মোফাজ্জল হোসেন। জানতে চাইলে তিনি বলেন, জায়গাটি তাঁর কবলা করা সম্পত্তি। তিনি বলেন, কাটনারপাড়া মৌজার ১৬৩২ (পুরোনো) ও ১৪৩৩ হাল দাগের নদী তীরবর্তী ১১ শতাংশ জায়গা তিনি ২০০৬ সালে কিনেছেন। ২০০৫ সালে সেতু নির্মাণের সময় গাইডওয়াল ব্যক্তিমালিকানা সম্পত্তির ওপর স্থাপন করে সরকার। সম্প্রতি প্রশাসন নদীর সীমানা নির্ধারণী সিমেন্টের খুঁটি স্থাপন করলে তিনি নদীতে ভেঙে যাওয়া তাঁর জায়গা ভরাট করে সেখানে পাকা দালান নির্মাণ করছেন।
পাশেই আরেকটি অংশে নদীর সীমানায় মাটি ফেলে ভরাট করে পাকা ভবন নির্মাণের কাজ করছেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁরা বলেন, দত্তবাড়ি এলাকার এ কে এম জিল্লুর রহমান এ জায়গায় পাকা ভবন নির্মাণকাজ করাচ্ছেন।
জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তাঁর ভাই জেলা মোটর মালিক গ্রুপের সাবেক সভাপতি আবদুল জলিল বাকী বলেন, তাঁর ভাই সাড়ে ৬ শতাংশ জায়গা ২০০৮ সালের দিকে কিনেছিলেন। সেই জায়গা ভরাট করছেন।
পাউবোর বগুড়ার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রুহুল আমিন বলেন, করতোয়া নদীতে সীমানা নির্ধারণী খুঁটি স্থাপনের বিষয়ে জেলা প্রশাসন পাউবোকে কিছুই জানায়নি। মাপজোখের সময় পাউবোর কাউকে ডাকাও হয়নি। তিনি আরও বলেন, আইন অনুযায়ী, নদীর সীমানায় কারও ব্যক্তিগত সম্পত্তি ভেঙে গেলেও সেটা নদীরই অংশ। ওই জায়গা কেউ ব্যক্তিমালিকানা দাবি করে ভরাট করলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে।
বগুড়ার পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, পরিবেশ অধিদপ্তরের কোনো প্রতিনিধি না রেখেই জেলা প্রশাসন এই সীমানা নির্ধারণী খুঁটি স্থাপন করেছে। এখন এই খুঁটিকে পুঁজি করে নদী দখল হলে এর দায় জেলা প্রশাসনকেই নিতে হবে।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন বলেন, নদীর সীমানা নির্ধারণে যাঁদের রাখা দরকার, তাঁদের রেখেই ওই খুঁটি স্থাপন করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সদরের সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁর দেওয়া প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান বলেন, আপাতত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা স্থাপনা নির্মাণ করছিলেন, তাঁরা জায়গাটি ব্যক্তিমালিকানা দাবি করে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসক পরবর্তী ব্যবস্থা নেবেন।