বগুড়ায় করোনা 'পজিটিভ' ব্যবসায়ীর মৃত্যু
বগুড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত আরও এক ব্যবসায়ীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
করোনা পজিটিভ হিসেবে শনাক্ত ওই ব্যক্তির নাম জাবেদ আলী (৬৫)। তিনি বগুড়া শহরের নিউ মার্কেটের সুতা ব্যবসায়ী। বাড়ি বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের বাউলাগ্রামে।
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খায়রুল বাশার প্রথম আলোকে বলেন, জাবেদ আলী জ্বর, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি করোনা পরীক্ষার জন্য বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের ল্যাবে নমুনা দেন। ১৯ জুন নমুনা পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা ‘পজিটিভ’ শনাক্ত হন। এরপর তিনি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শ্বাসকষ্ট বেড়ে গেলে রোববার তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয়। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় হাসপাতাল চত্বরে জানাজা শেষে জাবেদের লাশ নিজ গ্রামে দাফন করা হয়েছে।