বগুড়ায় করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু হয়েছে। কলেজের তৃতীয় তলায় মাইক্রোবায়োলজি বিভাগের গবেষণাগারে বসানো পিসিআর (পলিমারস চেইন রিঅ্যাকশন) যন্ত্রে আজ সোমবার করোনা ভাইরাসের চারটি নমুনা পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে সকালে ফিতা কেটে করোনা পরীক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম সালেহ ভূঁইয়া। এ সময় অন্যদের মধ্যে বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম বলেন, ল্যাবে প্রতিদিন ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে। তবে প্রথম দিনে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চারটি নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। চার ঘণ্টা পর ফলাফল নির্ণয় করা হয়েছে। আপাতত ফলাফল রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। মেডিকেল কলেজ থেকে ফলাফল জানানো হবে না।
রেজাউল আলম আরও জানান, বগুড়া ছাড়া অন্য কোনো জেলা থেকে আসা নমুনা পরীক্ষা করা হবে কি না, তা এখনো স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা আসেনি। তবে জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ জেলা থেকে আসা নমুনা পরীক্ষার কথা রয়েছে। এখানে করোনাভাইরাস শনাক্ত করার পরীক্ষা শুরু হওয়ায় করোনায় আক্রান্তদের কোভিড-১৯ রোগের চিকিৎসা সহজে পাওয়ার সুযোগ সৃষ্টি হবে।
বগুড়ার সিভিল সার্জন গউসুল আজিম চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত রোগীর চিকিৎসায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশন কেন্দ্র চালু হয়েছে। তবে আগে করোনা পরীক্ষার জন্য ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং রাজশাহী মেডিকেল কলেজে নমুনা পাঠিয়ে ফলাফলের জন্য অপেক্ষায় থাকতে হতো। বগুড়ায় করোনার পরীক্ষা শুরু হওয়ায় এই বিড়ম্বনার অবসান হবে।
সিভিল সার্জন আরও বলেন, সোমবার পর্যন্ত বগুড়ায় করোনা পরীক্ষার জন্য ৩৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৭৬ জনের ফলাফল মিলেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পরীক্ষার জন্য সোমবার ২৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার নমুনা সেখানে পাঠানো হবে।