বগুড়ায় কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা ইন্টার্ন চিকিৎসকদের
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। চার ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে নেওয়া শাস্তি প্রত্যাহারে স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাৎক্ষণিক ভিডিও বার্তায় ইন্টার্নদের মুখপাত্র ও মেডিকেল কলেজ ছাত্রলীগের সহসভাপতি কুতুব উদ্দিন কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে বিএমএ ও স্বাচিপের জেলা নেতারা আন্দোলনরত ইন্টার্নদের নিয়ে জরুরি বৈঠক করে কাজে যোগ দিতে অনুরোধ করেন।
বগুড়া বিএমএর সাধারণ সম্পাদক রেজাউল আলম বলেন, শাস্তি প্রত্যাহারের লিখিত নির্দেশ না আসা পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকেরা আশ্বস্ত হতে পারছেন না। বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে তাঁদের আশ্বস্ত করা হয়। তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত জানাবেন বলে জানান। পরে সন্ধ্যা ছয়টার দিকে তাঁরা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।
গত ১৯ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের অপ্রীতিকর ঘটনা ঘটে। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত বৃহস্পতিবার চার ইন্টার্ন চিকিৎসকের পেশাগত সনদের কার্যকারিতা ছয় মাস স্থগিত করে। এই চারজন হলেন মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি এম এ আল মামুন, সহসভাপতি আশিকুজ্জামান আসিফ, সাবেক সহসভাপতি কুতুবউদ্দিন এবং ছাত্রলীগ কর্মী নূরজাহান বিনতে ইসলাম। মন্ত্রণালয়ের নির্দেশে চারজনকে ছয় মাস পর অন্যত্র ইন্টার্নশিপ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল।