বগুড়ায় কলেজ জাতীয়করণের দাবি, মানববন্ধন
জাতীয়করণের দাবিতে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। গত সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।
একই দাবিতে গতকাল মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজের শিক্ষকেরা বগুড়া শহরে মানববন্ধন করেছেন।
মনসুর হোসেন ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা গতকাল সকাল থেকে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ করেন। বেলা ১১টার দিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কের পাশে তাঁরা মানববন্ধন করেন। অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, অগ্রাধিকার তালিকায় শীর্ষে থাকার পরও জাতীয়করণ না হওয়ায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।
এদিকে মহাস্থান মাহিসওয়ার ডিগ্রি কলেজকে বাদ পরায় গতকাল বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন করেন শিক্ষকেরা। পরে দুপুর ১২টার দিকে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ আবুল খায়ের বলেন, ৫৪ বছরের পুরোনো এই কলেজে শিক্ষার্থীর সংখ্যা চার হাজারেরও ওপরে। আটটি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এখানে। ২০১৬ সালে উপজেলার শ্রেষ্ঠ কলেজ হয়েছে এটি।