বগুড়ায় কলেজের সাবেক আয়াকে গলা কেটে হত্যা
বগুড়া শহরে জরিনা বেগম (৪০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। জরিনা একসময় সরকারি আজিজুল হক কলেজে আয়ার কাজ করতেন। গতকাল বুধবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জরিনার ভাই ইসমাইল হোসেন ও মেয়ের জামাই রানা মিয়াকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিনা সরকারি আজিজুল হক কলেজের ইনফরমেশন অব কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগে আয়ার কাজ করছেন। স্বামীর সঙ্গে অনেক আগেই তাঁর ছাড়াছাড়ি হয়েছে। শহরের কামারগাড়ি এলাকায় সরকারি আজিজুল হক কলেজসংলগ্ন নিজ বাসায় থাকতেন জরিনা বেগম। তাঁর বাসায় তিনটি কক্ষ রয়েছে। একটি কক্ষে তিনি থাকতেন। বাকি দুটি কক্ষে কোচিং সেন্টার ভাড়া দেওয়া হয়েছে। কয়েক বছর আগে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়ে ও জামাই পাশের বাসায় থাকেন।
কয়েকজন প্রতিবেশী বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ এক আত্মীয়কে দেখে বাসায় ফেরেন জরিনা বেগম। এ সময় তিনি প্রতিবেশীদের বাসায় গিয়ে গল্পগুজবও করেন। রাত ১২টার দিকে তিনি কক্ষে ফিরে যান। গতকাল সকাল সাতটার দিকে কোচিং সেন্টারের লোকজন বাসায় গিয়ে উঠানের প্রাচীরের পাশে জরিনার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
প্রতিবেশীরা আরও বলেন, কয়েক দিন থেকেই জরিনা বেগম পুরোনো বাড়ি ভেঙে নতুন করে নির্মাণের জন্য রাজমিস্ত্রিদের সঙ্গে যোগাযোগ করছিলেন।
পুলিশের ধারণা, রড-সিমেন্ট কেনার ওই টাকার জন্যই কেউ জরিনাকে খুন করে থাকতে পারে। আবার বছর কয়েক আগে জমি নিয়ে ভাইয়ের সঙ্গে তাঁর বিরোধ হয়েছিল।