বগুড়ায় কাউন্সিলরকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের নিশিন্দারা মণ্ডলপাড়া এলাকার বালু ব্যবসায়ী হজরত আলী মণ্ডলকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় কাউন্সিলর জহুরুল ইসলামকে আসামি করে মামলা হয়েছে। গত রোববার রাতে হজরত আলীর মা মেরিনা বেগম বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলাটি করেন।
জহুরুল ইসলামের বাড়ি শহরের নিশিন্দারা মণ্ডলপাড়ায়। তিনি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়িক বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে কাউন্সিলর জহুরুল ইসলামের নির্দেশে হজরত আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিশিন্দারা মণ্ডলপাড়া আমবাগান এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নিশিন্দারা মণ্ডলপাড়ার ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ের সামনে হজরত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।
হজরত আলীর স্ত্রী সাথী খাতুন অভিযোগ করেন, গত পৌরসভা নির্বাচনে ১৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন হজরত আলী। ওই সময় নির্বাচন থেকে সরে দাঁড়াতে হত্যার হুমকি দিয়েছিলেন জহুরুল ইসলাম। এ বিষয়ে জানতে কাউন্সিলর জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই ওয়ার্ড কাউন্সিলর জহুরুল ইসলামসহ আসামিরা গা-ঢাকা দিয়েছেন।