বগুড়ায় কাজ শুরুর দাবিতে ইউপি কার্যালয় অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়ন পরিষদে (ইউপি) অতিদরিদ্র ব্যক্তিদের কর্মসংস্থান কর্মসূচির কাজ শুরুর দাবিতে গতকাল সোমবার শ্রমিকেরা ইউপি কার্যালয় প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চলে এ কর্মসূচি।
কর্মসূচিতে অংশ নেওয়া তিনজন শ্রমিক প্রথম আলোকে বলেন, উপজেলার অন্য নয়টি ইউনিয়নে এ কর্মসূচির অধীনে ৪০ দিনের ৪৫টি প্রকল্পের কাজ এখন শেষ পর্যায়ে। কিন্তু এই ইউনিয়নে এখন পর্যন্ত এই কাজ শুরুই করা হয়নি। তাই তাঁরা ইউপি ভবন অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শাহবন্দেগী ইউপির সচিব ইকবাল হোসেন বলেন, ইউপির চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়হীনতার কারণে এ কর্মসূচির বিপরীতে পাঁচটি প্রকল্পের তালিকা করা সম্ভব হয়নি। এ কারণে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে এসব প্রকল্পের তালিকা জমা দেওয়া যায়নি।
৬ নম্বর ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান বলেন, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে তাঁরা কর্মসূচির বিপরীতে কোনো প্রকল্প তালিকা প্রস্তুত করতে পারেননি। এ কারণে কর্মসূচির আওতায় তালিকাভুক্ত শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন।
ইউপির সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য (৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড) আঙ্গুরী বেগম বলেন, চেয়ারম্যান চার মাস ধরে ইউপি কার্যালয়ে পরিষদে আসেননি। এ কারণে অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম তাঁরা করতে পারছেন না।
ইউপি চেয়ারম্যান মো. আল আমিন বলেন, এ ইউপির তালিকাভুক্ত শ্রমিকদের এ ধরনের অবরোধের ঘটনা তাঁর জানা নেই। ওই কর্মসূচির প্রকল্প তৈরির জন্য সংশ্লিষ্ট পিআইওর কার্যালয় থেকে চিঠি পাঠানো হয়নি। এ কারণে প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়নি।
পিআইও মোছা. শামসুন্নাহার বলেন, ওই কর্মসূচির অধীনে পাঁচটি প্রকল্প তৈরি করার জন্য তাঁর দপ্তর থেকে চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। চেয়ারম্যান চিঠিটা পেলেও আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেননি। প্রকল্পের তালিকা প্রস্তুত করে তাঁর দপ্তরে জমা দেননি। তিনি আরও বলেন, এসব কর্মসূচির বিপরীতে শাহবন্দেগী ইউপিতে তালিকাভুক্ত ১৭৩ জন নারী-পুরুষ শ্রমিক রয়েছেন। প্রকল্পগুলোর বিপরীতে সরকারি বরাদ্দ ছিল ১৩ লাখ ৮৪ হাজার টাকা। উপজেলায় ৬ ফেব্রুয়ারি শুরু হওয়া প্রকল্পের কাজ শেষ হবে আগামী ৫ এপ্রিল। এ কর্মসূচির আওতায় রয়েছে উপজেলায় গ্রামীণ কাঁচা রাস্তার সংস্কার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠে মাটি ভরাট এবং জনকল্যাণমূলক জায়গায় সংস্কারমূলক কার্যক্রম।