বগুড়ায় কাবিখার ডিও বিতরণ বন্ধ করে দিয়েছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে বরাদ্দ করা গমের ডিও (সরবরাহের আদেশ) বিতরণ বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।গত সোমবার দুপুরে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শাখারিয়া ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানের নেতৃত্বে দলের নেতা-কর্মীরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীদের ওপর চড়াও হন এবং ডিও বিতরণ বন্ধ করে দেন।সদর উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, বগুড়া-৬ (সদর) আসনের বিএনপিদলীয় সাংসদ জমির উদ্দিন সরকারের কোটায় চলতি অর্থবছরে ৩৮টি প্রকল্পের বিপরীতে ২৫০ মেট্রিক টন গম বরাদ্দ করা হয়। এর মধ্যে সদর উপজেলার ১১টি ইউপির চেয়ারম্যানদের প্রত্যেককে পাঁচ টন গমের একটি প্রকল্প, ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদকদের পাঁচ টন গমের একটি করে প্রকল্প দেওয়া হয়েছে। বাকি ১৪০ মেট্রিক টন গম পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয়, সামাজিক, জনকল্যাণমূলক প্রতিষ্ঠান এবং গ্রামীণ সড়ক মেরামত প্রকল্পের বিপরীতে বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের কাজও শুরু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে প্রকল্পগুলোর চেয়ারম্যানদের মধ্যে ডিও বিতরণ শুরু করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আওয়ামী লীগের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে দলের ১০-১২ জন নেতা-কর্মী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কর্মচারীদের ওপর চড়াও হন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান তাঁর কক্ষে ছিলেন না। তাঁরা কার্যালয়ের কাগজপত্র তছনছ করেন এবং কর্মচারীদের ডিও বিতরণ বন্ধ করতে বলেন। এতে কর্মচারীরা আতঙ্কিত হয়ে ডিও বিতরণ বন্ধ করে দেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান অভিযোগ করেন, সাংসদ জমির উদ্দিন সরকার ১১টি ইউনিয়নে কাবিখার গম সুষমভাবে বণ্টন করেননি। যেসব ইউপির চেয়ারম্যান বিএনপিসমর্থিত তাদের ইউনিয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সাংসদ তাঁর আস্থাভাজন বিএনপি নেতাদের সুপারিশে গম বণ্টন করেছেন। তা ছাড়া কাজ না করেই এবং ভুয়া প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা লুটপাট করছেন। কিন্তু বদনাম হচ্ছে সরকারের। এ কারণে ডিও বিতরণ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রকল্পগুলো যাচাই-বাছাই করার পর ডিও বিতরণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান ডিও বিতরণ স্থগিত রাখার কথা স্বীকার করে বলেন, ‘আমি বাইরে থাকার সময় এ ঘটনা ঘটেছে। তবে ফাইলপত্র তছনছ এবং কর্মচারীদের ওপর চড়াও হওয়ার ঘটনা ঘটেনি।’ অভিযোগের বিষয়ে জানতে সাংসদ জমির উদ্দিন সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি আলী আজগর তালুকদার বলেন, তাঁরা যেসব অভিযোগ করেছেন, তা ঠিক নয়। জনপ্রতিনিধিদের মধ্যে সাংসদ এসব প্রকল্প দিয়েছেন। এসব প্রকল্পের কাজ ঠিকমতো হচ্ছে কি না অথবা প্রকল্পগুলো ভুয়া কি না এসব তাঁরা দেখতে পারেন; কিন্তু ডিও বিতরণ বন্ধ করতে পারেন না।