বগুড়ায় কাল ও পরশু ৩৬ ঘণ্টার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর গুলশানের বাসভবনে ‘অবরুদ্ধ করে রাখার’ প্রতিবাদে বগুড়ায় কাল বুধবার সকাল ছয়টা থেকে পরশু বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া শহরের নওয়াববাড়ি সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ১৮-দলীয় জোটের সমাবেশ থেকে হরতালের ওই ঘোষণা দেওয়া হয়।

জোটের পক্ষ থেকে হরতালের ঘোষণা দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা না হলে বগুড়ায় অনির্দিষ্টকালের জন্য লাগাতার হরতালের ডাক দেওয়া হবে বলেও জোটের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়ে।

এর আগে জেলা ১৮-দলীয় জোটের এক জরুরি সভা থেকে হরতাল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ‘প্রথম আলো’কে জানিয়েছেন।

শহরের নওয়াববাড়ি সড়কে অনুষ্ঠিত জেলা ১৮-দলীয় জোটের ওই সমাবেশে বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

জয়নাল আবেদীন জানান, বিরোধীদলীয় নেতা গণতন্ত্র রক্ষায় পতাকা হাতে শান্তিপূর্ণভাবে ঢাকায় ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি দিয়েছিলেন। কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই কর্মসূচিতে ভীত হয়ে বিরোধীদলীয় নেতাকে তাঁর বাসভবনে অবরুদ্ধ করেই ক্ষান্ত হয়নি। পুলিশ দিয়ে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তার চালাচ্ছে। দলীয় পেটোয়া বাহিনী দিয়ে হাইকোর্ট ও প্রেসক্লাবের মতো  জায়গায় নির্লজ্জ হামলা চালিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বগুড়াবাসী বিরোধীদলীয় নেতার প্রতি সরকারের এই ফ্যাসিস্ট আচরণ মেনে নেবে না।

জয়নাল আবেদীন বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ করার প্রতিবাদে আপাতত ৩৬ ঘণ্টার হরতাল চলবে। এরপরও সরকারের বোধোদয় না হলে  বৃহস্পতিবারের পর বগুড়ায় অনির্দিষ্টকালের হরতাল দেওয়া হবে।’

এদিকে বিরোধীদলীয় নেতাকে অবরুদ্ধ ও হাইকোর্টে হামলার প্রতিবাদে বগুড়ার আদালত বর্জন করে জেলা জজ আদালত চত্বরে আজ সকাল থেকেই সমাবেশ করেন বিএনপি-সমর্থিত আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিএনপি-সমর্থিত আইনজীবীরা বক্তব্য দেন।