বগুড়ায় কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় গত সোমবার রাতে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে শাকসবজির খেত ও গ্রীষ্মকালীন ফলের বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিতে ডুবে গেছে পাকা বোরো ধান। ঝড়ের পর থেকে বিপর্যস্ত বিদ্যুৎব্যবস্থা। শেরপুরে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রাত আটটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত এ ঝড় হয়। বগুড়া শহর, শহরতলি ও শাজাহানপুর এলাকার বেশ কিছু এলাকা ঘুরে দেখা গেছে, মাটির ঘরবাড়ি ভেঙে গেছে। অনেক বাড়ির টিনের চাল নেই। গাছের ডাল ভেঙে পড়ে আছে। চারমাথা বাস টার্মিনাল এলাকার আবদুল মান্নান বলেন, ‘হামার জীবনে ইংকা ভয়ংকর ঝড় আর ককনো দেকিনি। চোকের সামনে গাছপালা, ঘরবাড়ি সব ম্যাচাকার।’
এদিকে ঝড়ের সঙ্গে ভারী শিলাবৃষ্টিতে ধান, শাকসবজি ও ভুট্টার খেত নষ্ট হয়ে গেছে। বগুড়া কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক প্রতুল চন্দ্র সরকার বলেন, শিলাবৃষ্টিতে বগুড়া সদর, শিবগঞ্জ, শাজাহানপুর ও গাবতলীতে শাকসবজির ক্ষতি হয়েছে। বোরো ধানে ক্ষতির তথ্য এখনো পাওয়া যায়নি।
বগুড়ার পিডিবির তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ঝড়ের পর বিদ্যুৎ সরবরাহ লাইন লন্ডভন্ড হয়ে যায়। খুঁটি ভেঙে যায়, তার ছিঁড়ে যায়। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত পিডিবির কর্মীরা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপন করতে পেরেছেন। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ আগামীকাল জানা যাবে।
জেলা ত্রাণ কর্মকর্তা শাহারুল ইসলাম মোহাম্মদ আবু হেনা বলেন, বিভিন্ন উপজেলা থেকে ঝড়ে ক্ষয়ক্ষতির তথ্য চাওয়া হয়েছে। তবে এখনো সেই তথ্য জেলা ত্রাণ শাখায় পৌঁছায়নি। এ কারণে ক্ষয়ক্ষতির সঠিক চিত্র এখনো নিশ্চিত করা সম্ভব নয়।
এদিকে, গত সোমবার রাত সোয়া আটটা থেকে প্রায় ১৫ মিনিটের ঝড় উপজেলার শেরপুর পৌর শহরসহ গাড়িদহ, খামারকান্দি ও খানপুর ইউনিয়ন এলাকার ওপর দিয়ে বয়ে যায়। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী বলেন, তাঁরা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন।
গাছ ভেঙে সড়কের ওপর পড়ে থাকায় প্রায় ১২ ঘণ্টা শেরপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার সকাল আটটার পর ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ গাছ সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঝড়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতের বগুড়া থেকে বিদ্যুতের সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যায়। উপড়ে গেছে ২০টি বৈদ্যুতিক খুঁটি। উপজেলার এই দুটি দপ্তরের তথ্যমতে, ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। প্রায় ১৭ ঘণ্টা পর পিডিবির সাধুবাড়ী ও শহরের বাসস্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা খাজানুর রহমান বলেন, এই ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় ১০০ হেক্টর জমির সবজি ও ১০ হেক্টর জমির আম ও লিচু বাগানের ক্ষতি হয়েছে।