বগুড়ায় কিশোর খুন আরেকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার
বগুড়ার শিববাটি এলাকায় ওমেদ আলী (১৫) নামের এক কিশোর খুন হয়েছে। গতকাল শনিবার তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি শহরের উত্তর কাটনারপাড়া এলাকায়। সে দরজির কাজ করত।ওমেদের লাশের সঙ্গে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে ছিল রাহাত (১৫) নামের আরেক কিশোর। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একটি লোহার কারখানায় কাজ করে। ওমেদ ও রাহাত দুজনে বন্ধু ছিল বলে তাদের পরিবার জানিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গত শুক্রবার রাতে দুই বন্ধুকে কুপিয়ে জখম করেছে। সারা রাত গুরুতর আহতাবস্থায় পড়ে ছিল দুজনে। অতিরিক্ত রক্তক্ষরণে ওমেদের মৃত্যু হয়েছে। নিহত কিশোর ওমেদ আলীর মা নাজমা বেগম বলেন, শুক্রবার বিকেলে তাঁর ছেলে ওমেদ ও ওমেদের বন্ধু রাহাত বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেনি। গতকাল সকাল ১০টার দিকে শিববাটি এলাকার ভান্ডারি সিটি ওয়ান নামের একটি আবাসন প্রকল্পের ভেতরে তাদের পড়ে থাকতে দেখে লোকজন। পরে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে ওমেদের লাশ উদ্ধার করে। আর রাহাতকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, একটি চাকু রাখা নিয়ে দুই পক্ষের বিবাদ হয়। এর জের ধরে রাতের কোনো একসময় তাদের দুজনকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে একজনের মৃত্যু হয়। লাশের পাশে পড়ে থাকা একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, এ ঘটনায় ওমেদের মা বাদী হয়ে গতকাল বিকেলে থানায় একটি হত্যা মামলা করেছেন।