বগুড়ায় কুপিয়ে হত্যা অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরতলির বারপুর দক্ষিণপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রিপন পাইকার (৩৮) হত্যার ঘটনায় গতকাল রোববার অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বাদীপক্ষের লোকজন। একই দিন দুপুরে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের বন্দিরামপুর চর এলাকায় পদ্মা নদী থেকে অজ্ঞাতনামা তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:বগুড়া: গত শনিবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত খাদেম আলী পাইকারের ছেলে রিপন পাইকারকে (৩৮) একই গ্রামের চান বাদশার ছেলে কাঞ্চু (২৮) বাড়ি থেকে ডেকে নিয়ে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। এই ঘটনার পর পরই কাঞ্চু ও তাঁর পরিবারের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়। গতকাল সকালে রিপনের আত্মীয়স্বজন কাঞ্চুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।ঘটনাস্থল পরিদর্শনকারী সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক জানান, বাদীপক্ষের লোকজন ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের পর পরই আসামি পালিয়ে গেছেন।পাবনা: পাবনা সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তরুণীর গলিত লাশটি পচে গন্ধ ছড়াচ্ছিল। এলাকাবাসীর সংবাদে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১২ দিন আগে কেউ মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল।