বগুড়ায় কোটি টাকা নিয়ে এনজিও পরিচালক উধাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় বেকার তরুণ-তরুণীদের প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছেন বাংলাদেশ অ্যাজমা ফাউন্ডেশন নামের এক প্রতিষ্ঠানের পরিচালক একরাম হোসেন।অভিযোগে জানা গেছে, গত জানুয়ারি মাসে বগুড়া শহরের সাতমাথা ঘোড়াপট্টি এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বাংলাদেশ অ্যাজমা ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। এর পরিচালক আকরাম হোসেন নামের এক ব্যক্তি। বগুড়া ও জয়পুরহাট দুই জেলা নিয়ে এর কার্যক্রম শুরু হয়। স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ওষুধ বাজারজাত করার জন্য জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ব্যবস্থাপক, মাঠকর্মী, স্বাস্থ্য সেবিকা, স্টোর কিপার, অফিস সহকারী ও পল্লি চিকিৎসক পদে লোক নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পাওয়া ব্যক্তিদের কাছ থেকে ব্যবস্থাপক পদে ১২ হাজার টাকা এবং স্বাস্থ্য সেবিকাসহ অন্যান্য পদে প্রতি জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে জামানত নেওয়া হয়। গড়ে প্রতিটি ইউনিয়নে সর্বনিম্ন পাঁচজন করে নিয়োগ দেওয়া হয়। ব্যবস্থাপক পদে প্রতি মাসে সাড়ে নয় হাজার এবং স্বাস্থ্য সেবিকা পদে তিন হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়। অন্যান্য পদের ব্যক্তিবিশেষকে প্রাধান্য দিয়ে তাদের বেতন নির্ধারণ করা হয়। তিন মাস পার হলেও জামানত দেওয়ার পরও নিয়োগ পাওয়া কর্মীদের বেতন দেওয়া হয়নি। বেতন না দিয়ে গত শনিবার অফিসে তালা লাগিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের পরিচালক।উক্ত প্রতিষ্ঠানের জয়পুরহাট জেলায় নিয়োগকৃত ব্যবস্থাপক মোহাম্মদ তাসির আহম্মেদ জানান, তিনি ১২ হাজার টাকা জামানত দিয়েছেন। এ পর্যন্ত এক টাকাও বেতন পাননি। গত শনিবার সকালে অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখে তিনি হতবাক হন। তিনি আরও জানান, দুই জেলা থেকে প্রায় এক কোটি টাকার বেশি জামানত প্রতিষ্ঠানের পরিচালক আকরাম হোসেন হাতিয়ে নিয়েছেন।জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ জানান, পরিচালক আকরাম হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বললে তিনি একেক সময় একেক জায়গায় দেখা করতে বলেন। সন্দেহ হচ্ছে, তিনি টাকা নিয়ে উধাও হয়েছেন। পরিচালক আকরাম হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।