বগুড়ায় কোন্দলের জেরে যুবলীগ নেতার ওপর হামলার অভিযোগ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালামকে কুপিয়ে জখম করার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে কোন্দলের জের ধরে প্রতিপক্ষের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন কেন্দ্র করে স্থানীয় সাংসদ আবদুল মান্নানের পক্ষ এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনজিল আলী সরকার ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজীর পক্ষের বিরোধ চরম আকার ধারণ করেছে। আব্দুস সালাম সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে ছিলেন। সারিয়াকান্দিতে আওয়ামী লীগের বিরোধের বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানোর জন্য সালামসহ সাংসদের বিপক্ষের কয়েকজন নেতা-কর্মী গত শুক্রবার ঢাকায় যান। গত শনিবার ভোর পৌনে পাঁচটায় ঢাকা থেকে বগুড়ায় ফেরেন আব্দুস সালাম। বগুড়া শহরের নারুলীতে বাড়ির অদূরে পৌঁছালে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে জখম করে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরদিন ঢাকা পাঠানো হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী অভিযোগ করেন, সাংসদের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর শাহী গঠনতন্ত্রবিরোধী যে কাজ করেছেন, তার প্রতিবাদ করেছেন আব্দুস সালাম। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।আওয়ামী লীগের নেতা আলমগীর শাহী জানান, সালামের ওপর হামলার ঘটনায় তাঁরা জড়িত নন। তিনি সারিয়াকান্দি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হলেও বাস করতেন বগুড়া শহরের নারুলী এলাকায়। আর ঘটনাটি ঘটেছে ওই এলাকায়। এখনো এই হামলার ঘটনায় মামলা হয়নি। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছকির উদ্দিন জানান, সালামের পরিবার চিকিৎসা করার পর মামলা করবে বলে তাঁকে জানিয়েছে।