বগুড়ায় কোভিড রোগীর মৃত্যু, উপসর্গ নিয়ে মৃত্যু আরেকজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কোভিড-১৯ ‘পজিটিভ’ আরও এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার বিকেল তিনটার দিকে ওই নারীর মৃত্যু হয়।

ওই নারীর নাম জাহানারা বেগম (৮০)। তাঁর বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলায়। তিনি বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদারের মা।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খায়রুল বাশার এই মৃত্যুর খবর নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টের মতো করোনাভাইরাসের (কোভিড–১৯) উপসর্গ নিয়ে ওই রোগী ১৩ জুন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। ১৪ জুন নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। ১৬ জুন প্রাপ্ত পরীক্ষার প্রতিবেদনে তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। আজ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় কোভিড পজিটিভ ৬ জনের মৃত্যু হলো।

কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরে জানাজা শেষে জাহানারা বেগমের মরদেহ আদমদীঘি উপজেলায় দাফনের জন্য পাঠানো হয়েছে।

উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু
এদিকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে আজ বেলা দেড়টার দিকে শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ নিয়ে পরেশ চন্দ্র (৩৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি দুপচাঁচিয়া উপজেলার গনকপতি গ্রামে। তিনি পেশায় ট্রাকের হেলপার।

এ বিষয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও খায়রুল বাশার বলেন, গতকাল শনিবার রাত চারটার দিকে ওই রোগীকে আইসোলেশনে ভর্তি করা হয়েছিল। আজ সকালে কোভিড পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। প্রতিবেদন আসার আগেই দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।