বগুড়ায় কোভিডে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

১৬ ঘণ্টার ব্যবধানে বগুড়া জেলায় কোভিড-১৯–এ তিনজন এবং উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটা থেকে আজ শনিবার দুপুর সাড়ে ১২টার মধ্যে ওই ছয়জন মারা যান।

এর মধ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে কোভিডে একজন এবং কোভিডের উপসর্গে নিয়ে আইসোলেশনে আরও তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল রাত আটটা থেকে দশটা পর্যন্ত দুই ঘণ্টার ব্যবধানে তিন রোগীর মৃত্যু হয়।

কোভিডে তিনজনের মৃত্যু
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন বলেন, আজ বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালে আনার আগেই হারুনুর রশিদ (৭২) নামের কোভিডে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি বগুড়া শহরের বারপুর এলাকায়। তাঁর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। কোভিড পরীক্ষার জন্য তিনি টিএমএসএস মেডিকেল কলেজে নমুনা দেন। গতকাল নমুনা পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। আজ সকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় তাঁর মৃত্যু হয়। তিনি পেশায় একজন ব্যবসায়ী। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করা হয়েছে।
আরএমও শফিক আমিন বলেন, গতকাল রাত আটটার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে নেওয়ার আগেই জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন করোনা পজিটিভ বিজন কুমার নিয়োগীকে (৫৪)। তিনি বগুড়া শহরের মালতীনগর এলাকার বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন প্রথম আলোকে বলেন, বিজন কুমার নিয়োগী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। ১০ জুন তিনি কোভিড পজিটিভ শনাক্ত হন। ১১ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র দিলে দুই দিন তিনি বাড়িতে আইসোলেশনে ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে আনা হয়। রাত আটটার দিকে আইসোলেশনে নেওয়ার আগেই জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ সৎকার করা হয়।

মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসন সূত্রে জানা গেছে, কোভিড পজিটিভ মমতাজুর রহমান (৭০) নামের একজন পরিবহন ব্যবসায়ী ৯ জুন থেকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। তাঁর জ্বর, শ্বাসকষ্ট ও কাশি ছিল। চিকিৎসায় উন্নতি না হওয়ায় তাঁর পরিবারের সম্মতিতে গতকাল বিকেলে তাঁকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। রাত নয়টায় ওই হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি বগুড়া শহরের ফুলবাড়ি উত্তরপাড়ার বাসিন্দা। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর লাশ দাফন করা হয়েছে।

কোভিডের উপসর্গে মৃত্যু ৩
মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন প্রথম আলোকে বলেন, গতকাল রাত নয়টা থেকে আজ দুপুর পর্যন্ত কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশনে দুজন এবং আইসোলেশনে নেওয়ার আগেই আরও একজনের মৃত্যু হয়েছে।
আইসোলেশনে মারা যাওয়া দুজন হলেন শহরের বাসিন্দা শহরের ও একটি ওষুধের দোকানের বিক্রয়কর্মী (৪৫) এবং বগুড়ার শিবগঞ্জ উপজেলার ব্যবসায়ী রাব্বি মিয়া (৪৫)। এর মধ্যে রাব্বি রাত ৯টায় ও শামিম আহম্মেদ রাত ১০টায় মারা যান।

শফিক আমিন আরও বলেন, শহরের ওই বিক্রয়কর্মীকে শ্বাসকষ্টসহ করোনার উপসর্গে গতকাল বিকেলে ৫টা ৩৫ মিনিটে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে রাত দশটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে কোভিড পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।
অন্যদিকে শ্বাসকষ্টসহ কোভিডের উপসর্গ নিয়ে গত বুধবার রাব্বি নামের এক রোগীকে টিএমএসএস মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজে থেকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর নমুনা সংগ্রহ করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সর্বশেষ আজ দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের আইসোলেশনে নেওয়ার আগেই জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেছেন শহরের এক যুবককে (৩৬)। তিনি জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নমুনা পরীক্ষা না করে বাড়িতে আইসোলেশনে ছিলেন। আজ শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে নেওয়ার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের লাশ কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে হাসপাতাল চত্বরেই জানাজা করা হয়েছে।

এর আগে গতকাল সকালে কোভিডের উপসর্গ নিয়ে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এক কিশোরের (১৪)। তাঁর বাড়ি কাহালু উপজেলায়। তাঁর নমুনা সংগ্রহ করে গতকালই পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।