বগুড়ায় কোভিডে মৃত্যু ১০০ ছাড়াল

বগুড়ায় কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১০২। মারা যাওয়া ওই ব্যক্তির নাম ঈসরাফিল হোসেন (৫৬)। তাঁর বাড়ি বগুড়া শহরের চেলোপাড়া এলাকায়।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক আবদুল ওয়াদুদ প্রথম আলোকে বলেন, কোভিড-১৯ রোগের উপসর্গ দেখা দিলে ওই ব্যক্তি ১৪ জুলাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে তিনি করোনা পজিটিভ উল্লেখ করা হয়। আজ সন্ধ্যায় সোয়া ছয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বগুড়ার ডেপুটি সিভিল সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় সোমবার পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৭৩৭ জনের। এর মধ্যে এ পর্যন্ত ১০২ জন মারা গেছেন।