বগুড়ায় খালেদা জিয়ার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৮ অক্টোবর বগুড়ায় বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে ব্যাপকভাবে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হচ্ছে। জনসম্পৃক্ততা বাড়াতে করা হচ্ছে সভা-সমাবেশ ও মাইকিং। বিএনপির নেতারা বলছেন, বগুড়া জিয়াউর রহমানের জন্মভূমি। তাই ১৮ অক্টোবর বগুড়ায় হতে হবে স্মরণকালের সবচেয়ে বড় জনসভা। কর্মসূচি সফল করতে গতকাল মঙ্গলবার বগুড়ার একটি মোটেলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের থানা, শহর ও পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।সভায় জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম বলেন, বগুড়ায় ১৮ অক্টোবরের জনসভা জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় আলতাফুন্নেছা খেলার মাঠে জায়গা হবে না বিধায় শহরের রাস্তাগুলোয় বসে মানুষ যেন বিএনপি চেয়ারপারসনের বক্তব্য শুনতে পারে, সে ব্যবস্থাও নেওয়া হবে। শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসহ বেশ কয়েকটি স্থানে জনসভার বক্তব্য সরাসরি প্রচার করতে বসানো হবে প্রজেক্টর। প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘রোডমার্চ শুরু হয়ে গেছে। রোডমার্চে রাস্তার দুই ধারে জনসমাবেশ বাড়াতে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে। বগুড়ায় স্মরণকালের সবচেয়ে বড় জনসভা করতে হবে। কারণ, এই বগুড়া জিয়ার জন্মস্থান।’ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু। এ ছাড়া উপস্থিত ছিলেন: সাংসদ আবদুল মোমেন তালুকদার, এ কে এম হাফিজুর রহমান, মোস্তফা আলী, সাবেক সাংসদ হেলালুজ্জামান তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, সোনাতলা থানা বিএনপির সভাপতি সৈয়দ আহসানুল তৈয়ব, মওদুদ হোসেন, মইনুল হাসান প্রমুখ।