বগুড়ায় গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে হাতবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের সাতমাথা চত্বরে গণজাগরণ মঞ্চ লক্ষ্য করে আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে পর পর ছয়টি হাতবোমা ছোড়া হয়েছে। হামলায় গণজাগরণ মঞ্চের সংগঠক ও জেলা বাসদের সমন্বয়ক সাইফুল ইসলাম আহত হয়েছেন। তাঁকে শহরের মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রথম আলো ডটকমকে দেওয়া ঘটনাস্থলে উপস্থিত গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জে এম রউফের ভাষ্য, একাত্তরের মানবতাবিরোধী জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে পাকিস্তানের জাতীয় পরিষদে শোক প্রস্তাব গ্রহণ, সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তিকর বক্তব্য এবং বগুড়া গণজাগরণ মঞ্চের সংগঠক জিয়াউদ্দিন জাকারিয়াকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বগুড়ায় গণজাগরণ মঞ্চ আজ বেলা ১১টায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টা থেকে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গণজাগরণ মঞ্চে অবস্থান নিচ্ছিলেন। কর্মসূচি শুরুর ১০ মিনিট আগে মঞ্চ লক্ষ্য করে পর পর ছয়টি হাতবোমার হামলা হয়। তিনি অভিযোগ করেন, হামলাকারীরা প্রকাশ্যে হাতবোমা ছুড়ে পালিয়ে গেলেও উপস্থিত পুলিশ শুধু চেয়ে দেখেছে।

বগুড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মাসুদার রহমানের দাবি, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি ভণ্ডুল করতেই জামায়াত-শিবির এ হামলা করেছে।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মো. মোজাম্মেল হকের দাবি, গণজাগরণ মঞ্চের পাশেই পুলিশ অবস্থান করছিল। পুলিশকে লক্ষ্য করেই এই ককটেল হামলা চালানো হয়।