বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশে হাতবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চ উপলক্ষ্যে বগুড়ায় সমাবেশের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটে। ছবি: সোয়েল রানা, বগুড়া
সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁও অভিমুখী রোডমার্চ উপলক্ষ্যে বগুড়ায় সমাবেশের কাছে হাতবোমার বিস্ফোরণ ঘটে। ছবি: সোয়েল রানা, বগুড়া

বগুড়ায় গণজাগরণ মঞ্চের সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে শহরের সাতমাথায় সমাবেশ লক্ষ্য করে হাতবোমা ছোড়া হয়। এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে গণজাগরণ মঞ্চ ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখে রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় সমাবেশ চলছিল। তবে হামলার সময় সেখানে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে রোডমার্চে অংশগ্রহণকারীরা পৌঁছাননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গণজাগরণ মঞ্চের রোডমার্চ বিকেলে বগুড়ায় পৌঁছানোর কথা ছিল। এ জন্য দুপুরের পর থেকে বগুড়ার সাতমাথায় গণজাগরণ মঞ্চে সমাবেশ শুরু হয়। এতে স্থানীয় নেতারা বক্তব্য রাখছিলেন। সমাবেশ চলাকালে মঞ্চের কাছে সাতমাথায় দুর্বৃৃত্তরা পাঁচ থেকে ছয়টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সমাবেশে আসা কর্মীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। একপর্যায়ে গণজাগরণ মঞ্চের কর্মীরা পতাকা হাতে হামলাকারীদের ধাওয়া দেন। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

গণজাগরণ মঞ্চের স্থানীয় নেতারা অভিযোগ করেন, গণজাগরণ মঞ্চবিরোধী  ও একাত্তরের স্বাধীনতাবিরোধী চক্র এ হামলা চালিয়েছে।

বগুড়ার গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মাসুদার রহমান ‘প্রথম আলো’কে জানান, গণজাগরণ মঞ্চের সমাবেশ ভন্ডুল করতেই  স্বাধীনতাবিরোধী মৌলবাদী চক্র এই বোমা হামলা চালিয়েছে। কিন্তু মঞ্চের কর্মীরা হামলাকারীদের প্রতিহত করেছে।

 বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক ‘প্রথম আলো’কে বলেন, ‘আতঙ্ক সৃষ্টির জন্যই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার পর সমাবেশকে ঘিরে শহরজুড়ে তল্লাশি এবং নজিরবিহীন নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। রাত সাড়ে আটটার দিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র  ইমরান এইচ সরকার বগুড়ার গণজাগরণ মঞ্চে পৌঁছান।