বগুড়ায় গণপিটুনিতে তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের ফুলবাড়ী শ্মশানঘাটে গতকাল মঙ্গলবার গণপিটুনিতে শরিফুল ইসলাম ওরফে সোহেল (২৫) নামে পুলিশের তালিকাভুক্ত একজন সন্ত্রাসী নিহত হয়েছেন।চাঁদাবাজি করতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তবে নিহত সোহেলের বাবা শহরের ফুলবাড়ী দক্ষিণপাড়ার আফতাব হোসেন দাবি করেছেন, জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শহরে সন্ত্রাসী হিসেবে পরিচিত শরিফুলসহ কয়েকজন তরুণ গতকাল বেলা ১১টার দিকে ফুলবাড়ী মধ্যপাড়ার সবুজের বাড়িতে গিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন এসে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে তারা আধা কিলোমিটার দূরে ফুলবাড়ী শ্মশানঘাটে আশ্রয় নিলে এলাকাবাসী সেখানে শরিফুলকে ধরে গণপিটুনি দেয়। এতে তিনি গুরুতর আহত হন। অন্যরা পালিয়ে যায়।শরিফুলের বাবা আফতাব হোসেন দাবি করেন, জমি নিয়ে তাঁর সঙ্গে সবুজের বিরোধ রয়েছে। এর জের ধরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, শরিফুল পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।