বগুড়ায় গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণিত উৎসব
গণিত উৎসব

বগুড়া অঞ্চলে ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বগুড়ায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত গণিত উৎসবের শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, কবি ও সাহিত্যিক ফজলুল করিম বাহার, বগুড়া শাখা ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপক ফজলুল কবির। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ, প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শরিফুল ইসলাম, বগুড়া বন্ধুসভার সভাপতি ফারুক আহমেদ।

বগুড়া অঞ্চলের গণিত উৎসবে চারটি জেলার প্রায় ৭৫০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। জেলাগুলো হচ্ছে—সিরাজগঞ্জ, গাইবান্ধা, জয়পুরহাট ও বগুড়া।

শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসক বলেন, বগুড়াবাসীর জন্য আজ আনন্দের দিন। গণিত অনেকের কাছে কঠিন মনে হয়। সহজভাবে নিলে গণিত ভুল উত্তর দেয় না। গণিতভীতি দূর করতে গণিত উৎসব অসাধারণ উদ্যোগ। এখান থেকে বিজয়ীরা জাতীয় পর্যায়ে আলোকিত করবে।

ফজলুল করিম বলেন, এ আয়োজন অসংখ্য পুরস্কার এনেছে। বিশ্বমানের গণিতবিদ তৈরি করেছে। দেশকে সেরা গণিতবিদদের তালিকায় নিয়ে গেছে। উৎসবের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি গণিত ছাড়া অবলম্বন নেই। সবকিছুতে গণিত দরকার।