বগুড়ায় গৃহবধূ গুলিবিদ্ধ, পুলিশ বলছে রহস্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া শহরের বৃন্দাবনপাড়া এলাকায় গত সোমবার দুর্বৃত্তদের গুলিতে শিল্পী বেগম (৩৬) নামের এক গৃহবধূ আহত হয়েছেন। তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ জানান, ওই দিন রাত নয়টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাঁর গলা থেকে সোনার চেন ছিনতাই করে। এতে বাধা দিলে তারা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে পুলিশ বলছে ঘটনাটি রহস্যজনক।
ঘটনার প্রত্যক্ষদর্শী শিল্পী বেগমের স্বামীর ভাইয়ের স্ত্রী নারগিছ বেগম বলেন, ওই সময় শিল্পী রাতের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। তখন মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাসায় ঢুকে শিল্পীর গলা থেকে স্বর্ণের চেন ছিনতাই করে নেয়। শিল্পীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। অবস্থা বেগতিক দেখে দুর্বৃত্তরা গুলি ছুড়ে পালিয়ে যায়। শিল্পীর বাঁহাতে গুলি লাগে। রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক শফিকুল ইসলাম বলেন, ছিনতাইকারীদের বাসার ভেতরে গিয়ে ছিনতাই করার কথা নয়। ঘটনাটি রহস্যজনক। তদন্ত হচ্ছে।