বগুড়ায় চার চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত আচরণবিধি লঙ্ঘনের দায়ে চার ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করেছেন। আদালতের বিচারিক দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) খুরশিদ আলম। গত শনিবার আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তছলিম উদ্দিনের প্রচারণায় শব্দযন্ত্র ব্যবহার ও পথসভায় মিনিট্রাকে মঞ্চ তৈরির অভিযোগে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। ওই মঞ্চসজ্জিত মিনি ট্রাকটি আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। একই প্রার্থীর সমর্থনে সমর্থকেরা মিছিল করায় আরও দুই হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই দিনে আড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী খোরশেদ আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই হাজার টাকা জরিমানা করা হয়। খড়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হায়দারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দেড় হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আড়িয়া ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ হোসেনের সমর্থনে মোটরসাইকেল শোডাউন করায় তাঁর কাছ থেকে আট হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান জানান, কেউ যেন আচরণবিধি লঙ্ঘন করতে না পারে সে জন্য ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছেন।