মহাজোট সরকারের চার বছরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৩০ জন নেতা-কর্মী খুন হয়েছেন বগুড়ায়। এলাকায় আধিপত্য বিস্তার, স্বার্থগত বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব, দলীয় কোন্দল ও প্রতিপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে এসব খুনের ঘটনা ঘটেছে।বেশির ভাগ খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা আওয়ামী লীগেরই নেতা-কর্মী। তবে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, মাদক ও বালু ব্যবসা নিয়ে বিরোধের জের ধরেও খুনের ঘটনা ঘটেছে। এসব খুনের ঘটনায় মামলা হলেও আসামিদের গ্রেপ্তারে পুলিশের খুব একটা তৎপরতা নেই বলে ভুক্তভোগী পরিবারগুলো অভিযোগ করেছে।খুনের তালিকায় আওয়ামী লীগের ১১ জন, যুবলীগের নয়, স্বেচ্ছাসেবক লীগের তিন, কৃষক লীগের দুই, ছাত্রলীগের তিন এবং শ্রমিক লীগের দুজন নেতা-কর্মী রয়েছেন। ১৪ জন নেতা খুন হয়েছেন বগুড়া শহর ও শহরতলি এলাকায়। ১৭টি খুনের ঘটনা ঘটেছে অঞ্চলভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।বগুড়ার পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলের নেতা-কর্মী খুনের যেসব ঘটনা ঘটেছে, তার সবগুলোর নেপথ্যেই রয়েছে আধিপত্য বিস্তার, জমি দখল, টেন্ডারবাজির টাকা ভাগ-বাঁটোয়ারা এবং অবৈধ বালু ব্যবসা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ। রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্ন থেকে কোনো কোনো নেতার অবৈধ সম্পদ অর্জনের ঝোঁক এবং অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ায় এসব খুনের ঘটনা ঘটছে। নিজেদের সমস্যা নিজেরা মিটিয়ে না ফেললে পুলিশের পক্ষে খুনোখুনি বন্ধ করা সম্ভব নয়।পুলিশ সুপার আরও বলেন, খুনিদের গ্রেপ্তারে পুলিশ সব সময়ই তৎপর রয়েছে। কিন্তু অধিকাংশই পরিকল্পিত হত্যাকাণ্ড হওয়ায় ভাড়াটে ও পেশাদার খুনিরা হত্যাকাণ্ডে অংশ নেওয়ার পরপরই গা ঢাকা দিচ্ছে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, ‘এসব হত্যাকাণ্ডের সঙ্গে দলীয় কোনো সম্পর্ক নেই। খুনের কারণ সবারই জানা। হত্যাকাণ্ডের পর পরিবারের সদস্যরা খুনিদের নাম উল্লেখ করেই মামলাও দিচ্ছে। অধিকাংশ হত্যাকাণ্ড ঘটছে ব্যক্তিগত ও এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে।’জেলা পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, সর্বশেষ গত ১৯ ডিসেম্বর খুন হয়েছেন জেলা যুবলীগের কর্মী শামিম হোসেন ওরফে বুশ (২৫)। পরদিন ২৬ জনকে অভিযুক্ত করে শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত বছরের ডিসেম্বর মাসেই আলোচিত চারটি খুনের ঘটনা ঘটেছে বগুড়া শহরে। তাঁরা সবাই ক্ষমতাসীন দলের নেতা-কর্মী।এ ছাড়া আলোচিত ব্যক্তির মধ্যে ছিলেন শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আশীষ কুমার রায়, সরকারি শাহসুলতান কলেজ ছাত্রলীগের কর্মী নিরঞ্জন চক্রবর্তী, যুবলীগের নেতা আমিনুর রহমান ওরফে শাহীন, শ্রমিক লীগের সাবগ্রাম বন্দর শাখার সভাপতি হাসানুজ্জামান ওরফে নাসিম এবং সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন ওরফে জুয়েল, যুবলীগের কর্মী রোকনুজ্জামান ওরফে গালকাটা রিপন, সদরের রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম, যুবলীগের গোয়ালগাড়ী আঞ্চলিক কমিটির সদস্য নান্না মিয়া, যুবলীগের নাটাইপাড়া আঞ্চলিক কমিটির সদস্য সবুজ মিয়া, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কর্মী সুমন চৌধুরী এবং কৃষক লীগের ২০ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক রাশেদ আহমেদ হত্যাকাণ্ড।