বগুড়ায় চার বছরে বন্যায় ক্ষতি ৩০৫ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি। ছবি: প্রথম আলো
ফাইল ছবি। ছবি: প্রথম আলো

দুই সপ্তাহ আগেও জনবহুল গ্রামটি ছিল প্রাণচাঞ্চল্যে ভরা। আড়াই শ বসতবাড়িতে ছিল প্রায় দেড় হাজার মানুষের বাস। ছিল মাঠভরা ফসল, গোয়ালভরা গরু, বিদ্যালয়, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠ। এখন জনপদের জায়গায় শুধু থই থই পানি। যেখানটায় লোকালয় ছিল, সেখানটায় এখন প্রমত্তা যমুনার প্রবল স্রোত বইছে।

বন্যার স্রোত আর যমুনার ভাঙনে ১০ জুলাই বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ গ্রাম বিলীন হয়ে যায়। ওই দিনের ভাঙনে পাশের কর্নিবাড়ি, শিমুলবাড়ি, ধনারপাড়া, কমরজাপাড়া, দীঘাপাড়া, ভাঙ্গরগাছাসহ কয়েকটি চরের প্রায় ছয় হাজার মানুষ এখন গৃহহারা। সম্পদের ক্ষতি হয়েছে লাখ লাখ টাকার।
বন্যায় ক্ষতির শিকার শুধু চকরতিনাথ গ্রামটিই নয়, বগুড়ার অসংখ্য জনপদ কয়েক বছর ধরেই নানা ধরনের ক্ষতির মুখে পড়েছে।
সরকারি হিসাবে, বন্যা ও নদীভাঙনে বিগত চার বছরে বগুড়ায় ৩০৫ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ফসলের ক্ষতি হয়েছে ১১১ কোটি টাকার।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ বলেন, নদীভাঙনে এখন সব মানুষ গৃহহীন।
একই গ্রামের বৃদ্ধা শিরানা বেওয়া (৮০) বলেন, ৭০ সালের বন্যার পর চকরতিনাথ চর জেগে ওঠে। ৪৭ বছরের পুরোনো এ লোকালয় চোখের সামনে এবার নদীগর্ভে বিলীন হলো।

শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি: বন্যা ও নদীভাঙনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সারিয়াকান্দি উপজেলায়। গত ছয় বছরে এ উপজেলায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান ভবন যমুনা নদীগর্ভে বিলীন হয়েছে। এতে কমপক্ষে ছয় কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাধ্যমিক স্কুল, একটি কলেজ এবং একটি মাদ্রাসা রয়েছে। শেষ দুই বছরে যমুনায় বিলীন হয়েছে ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এবারের বন্যায় নদীগর্ভে গেছে ৪৩ কর্নিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা ভবন, চকরতিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন।
সম্প্রতি সরেজমিন ঘুরে দেখা গেছে, আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম দুই বছর ধরে চলছিল ঘুঘুমারি পুরোনো বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। এবারের বন্যায় যমুনা নদীতে বাঁধ বিলীন হওয়ায় এই বিদ্যালয়টির এখন ঠিকানা হয়েছে এক কিলোমিটার দূরে কুতুবপুর বিকল্প বাঁধে।
আটাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ২০১০ সালের বন্যায় নিজ কর্নিবাড়ি গ্রাম বিলীন হলেও নদীগর্ভে যায় বিদ্যালয়ের পাকা ভবন। এরপর থেকেই ঠিকানাহীন এই বিদ্যালয়। প্রতিবছর বর্ষা এলেই বন্যাপ্লাবিত হয় বিদ্যালয়। শিক্ষার উপকরণ ও ছাউনি দ্রুত সরিয়ে নিতে হয় নিরাপদ স্থানে। এভাবেই সাত বছর ধরে চলছে ভাঙাগড়ার খেলা।
আটাচর সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিঁথি রানী সাহা বলেন, ১৯৬৭ সালের এ বিদ্যালয়ে আগে অনেক শিক্ষার্থী থাকলেও এখন মাত্র ৩৫ জন। বিদ্যালয়ের একটা স্থায়ী জায়গা ও পাকা ভবনের জন্য অনেক দৌড়ঝাঁপ করা হয়েছে, কোনো ব্যবস্থা হয়নি।
জেলা ত্রাণ কার্যালয়ের একটি সূত্র জানায়, ২০১৪ সালের বন্যায় ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোর ক্ষতি হয়েছিল ১ কোটি ৬৪ লাখ টাকার।
২০১৫ সালে ১ কোটি, ২০১৬ সালে অর্ধকোটি এবং এবার ৬৭ লাখ টাকার অবকাঠামোর ক্ষতি হয়। ২০১২ ও ১৩ সালের বন্যায় ক্ষতি হয়েছে দেড় কোটি টাকার।
ফসলের ক্ষতি: সরকারি হিসাবে বন্যায় ছয় বছরে ১১১ কোটি টাকার ফসলহানি ঘটেছে।
এর মধ্যে সাম্প্রতিক বন্যায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
সম্প্রতি সরেজমিনে সোনাতলা উপজেলার চর খাটিয়ামারিতে গিয়ে দেখা যায়, শত শত হেক্টর জমি পানির নিচে তলিয়ে রয়েছে।
চরের বাসিন্দা আজাদ হোসেন (৪০) বলেন, শহরে রিকশা চালিয়ে জমানো ১৫ হাজার টাকায় সাড়ে তিন বিঘা জমি বর্গা নিয়ে আউশ ধান আবাদ করেছিলাম। দুই সপ্তাহ ধরে বন্যার পানির নিচে তলিয়ে থাকায় জমির ধানগাছ পচে গেছে।
আজাদের মতোই বন্যায় ফসল হারিয়ে দিশেহারা জেলার ২৪ হাজার কৃষক পরিবার।
সুজায়েতপুর চরের আমিরুল ইসলাম বলেন, ‘বন্যা হামাকেরে সব শ্যাষ করে দিচে। খেতে থাকা ফসল নিয়ে সব স্বপ্ন লন্ডভন্ড করে দিচে।’