বগুড়ায় চালকের সহকারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
বগুড়ায় এক ট্রাকের হেলপারকে মালিকের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর নাম হজরত আলী (৩৫)। তিনি দুপচাঁচিয়া উপজেলার চামরুল গ্রামের আছামুদ্দিন ফকিরের ছেলে।হজরতের লাশ অজ্ঞাত হিসেবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে ছিল। সোমবার রাতে তাঁর স্ত্রী রেণুয়ারা বেগম লাশ শনাক্তের পর গতকাল মঙ্গলবার বেলা তিনটায় বগুড়া সদর থানায় মামলা হয়েছে।সদর থানা সূত্রে জানা গেছে, হজরত আলীকে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর গ্রামের সাজ্জাত তাঁর ট্রাকে হেলপারের কাজ করার জন্য তিন-চার দিন আগে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর হজরত চালক রেজাউলের সঙ্গে ভাড়া নিয়ে যান। সোমবার দুপুরে রেজাউল মুঠোফোনে রেণুয়ারাকে জানান, হজরত ট্রাকের ৩৪ হাজার ২০০ টাকা চুরি করেছেন। তাঁকে বগুড়া শহরের চারমাথা ভবেরবাজার এলাকায় ট্রাকের মালিক সাজ্জাতের ভায়রা শামীমের গ্যারেজে আটকে রাখা হয়েছে। টাকা নিয়ে এসে হজরতকে ছাড়িয়ে নিতে হবে। রেণুয়ারা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ফজলুর রহমানকে জানান। সন্ধ্যার পর তাঁরা বগুড়ায় এসে শামীমের গ্যারেজে গিয়ে তালা দেখে পুলিশে খবর দেন।পুলিশ জানায়, রাতেই তারা হাসপাতালে গিয়ে জানতে পারে সোমবার সন্ধ্যার কিছু আগে অজ্ঞাত এক ব্যক্তি লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যায়। রেণুয়ারা লাশ দেখে তাঁর স্বামী হজরতের বলে শনাক্ত করেন। পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রেণুয়ারা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মন্জুর আলম ভুঁইয়া জানান, হজরতের শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হয়েছে, তাঁকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।